দেখতাম রোজ ভিড়ের মাঝে তাকে
কলেজ ফেরত চৌরাস্তার মোড়ে,
সেও তখন ফিরতো অফিস থেকে
তাকিয়ে দেখতাম একটু ফাঁকায় সরে।
দেখতে দেখতে ভালোবেসে ফেলি
ভালোবাসি তার সব-টা নিয়ে,
ভালো- মন্দ, রূপ, ব্যবহার সব
ভালোবাসি প্রেমের রং মিশিয়ে ।
সেও দেখতো কখনো সখনো
ভিড়ের মাঝে দাঁড়িয়ে আড়ে,
চোখে চোখ হয়েছে অনেক
কখনো বা বারে বারে।
বলবো কিছু ভাবি যখন
লজ্জা তখন ঘিরে ধরে,
এমনি ভাবেই দিন চলে যায়
কথা জমে মনের ঘরে।
হঠাৎ একদিন তাকিয়ে দেখি
দাঁড়িয়ে সে আমার সম্মূখে
বাজলো বুঝি আমার বারো,
ধুকপুকানি শুরু বুকে।
আগ বাড়িয়ে পরিচয় করে
মৃদু হেসে বললো আরও,
ইচ্ছে মনে থাকলে কিছু
বিনা দ্বিধায় বলতে পারো।
আমি তখন ঘামছি দেদার
গুলিয়ে সব হয়েছে ফিকে,
সাহস করে সলজ্জ ভাবে
তাকাই শুধু চোখের দিকে।
আমার বেহাল দশা দেখে
বললো তবে আজকে আসি,
যাওয়ার সময় বলে গেলো
আমিও তোমায় ভালোবাসি।
