চলে যাবো বললেই চলে যাওয়া হয় না।
চলে যাওয়ার জন্য একটা পথ চাই।
চলে যাওয়া মানে মুক্তি নয়। চলে যাওয়া কোন বিচ্ছেদ নয়।
চলে যাওয়া মানে এক বুক যন্ত্রণা নিয়ে,ফিরে যাওয়া, সুতোর বন্ধন ছিন্ন করা বিনিদ্র রজনী।
চলে গেলে, স্মৃতিবিজড়িত অনেক কিছু থেকে যাবে, আমার সমস্ত কিছু না থাকা জুড়ে!
কখনও বা ডেকে উঠবে তোমার বুকের ভিতর লুকিয়ে থাকা অচিন পাখিটি!
পাখিও উড়ে যায়, দিনের শেষে ফিরে আসে নিজের গন্তব্যে।
তবুও নিঝুম সন্ধ্যায় পাখিরাও পথ হারায় কোন এক রাত জাগা পাখিকে ভালোবেসে।
বুকের ধুকপুকে তোমার দেওয়া যন্ত্রণা,
মিথ্যা অপবাদ নিয়ে আজও পথ চলছি।
এ বুকে আস্ত একটা পাহাড় জমিয়েছি, একমুঠো রোদ্দুর মাখা হাসির আড়ালে!
আকাশ-মেঘ, পাহাড়-সমুদ্র, সবুজ বনাঞ্চল ঘেরা এই পৃথিবী কতোই না সুন্দর!
প্রকৃতি প্রেমীর মতো দুহাত বাড়িয়ে বলে উঠি এই বেঁচে থাকা আরও বেশি সুন্দর!
জীবনের সব প্রিয় জিনিস, কোন একদিন হারিয়ে যায় অজানা গন্তব্যে!
রাজার ডাক আসলে এমন করেই সবাই কে চলে যেতে হয়,
দিনের শেষে ঘুমের দেশে।
এক একটা ভুল কথায়,
কতো কিছু নষ্ট হয়ে যায়!
জীবন নষ্ট হয়, কবিতা নষ্ট হয়,
আর ভালোবাসাও !
তাই যতদিন বাঁচি,
এই ভালো-মন্দ নিয়েই পথ চলি।
তবু এই হৃদয়ে ভালোবাসা যেন না হারাই।
