যদিও পিছিয়ে পিছল জীবনের
পুচ্ছে বেশরম বেঁচে আছি ,
তবু তো ভাসিয়ে দিইনি মগজের
মৌ ও হুল পোষা মনমাছি !
যদিও এগিয়ে ভাঙিনি ব্যারিকেড
সামনে ভয়ানক জ্বর জেনে ,
তবু কী ফাঁকা একা ফিরিনি কারশেড
নিদ্রা বিছানায় , চোখ ট্রেনে !
ভাসিয়ে ছড়িয়ে ছড়ানো যাপনের
কুড়িয়ে গোছাতে পারিনি সার ,
কেননা বুনেছি নিখুঁত বপনে
ঢেউয়ের ভিতরে নোয়ানো দাঁড় ।
পাকানো জট খুলে তালের গোল গিলে
হতেই হয় যদি বেনামী ,
যা আছি সাদা-কালো বদলে দিয়ে নীলে
আমি কী হতে পারি আন- আমি ?
