জাগালেই যখন , আলুলায়িত করো আশ্চর্য চকোরী ভাস্কর্য
ভার্জিন জ্যোৎস্নার চুম্বন পান করে পরিশুদ্ধ হই ।
দুঃসহ সময়ের শ্বাস গিলে অলস যাপন খোলসে
ভ্রান্ত জাগরণের নামে ক্লান্ত ঘুমের বলি চড়িয়েই তো ছিলাম !
ইতিমধ্যে আমারই আয়ুর তালু ভেদ করে
বয়ে গেছে সারিসারি সুপক্ক সুখের আলো রেখা ।
পিছিয়ে পড়েছি আমি , চারিপাশে অতীত ফলক ।
এখনও যারা বৌদ্ধিক আঁধারে সাঁতার কেটে
এগিয়ে চলেছো আগামীর চৈতন্যযানের দিকে
আমাকে যোগ্য করো চলমান যজ্ঞ ঢেউয়ের ।
শুধু অর্বাচীন পেঁচা আর বাদুড়ের অনুষঙ্গে নয়
বদ্রী পাখির ডাকে উড়ুক হৃদয়ে সাদা কাক ।
নগ্ন সুরের বাগানে নির্ভার আউল আনন্দে
আমি একান্তে দুর্বার আগের ‘আমি’কে
একবার ঝরঝরে ফিরে পেতে চাই ।
