আড়াল আল ভেঙে নিবিড়ে নোয়ালে
বরফে দাউদাউ , আগুনে ডোবালেও !
আগুনে মাতামাতি , আগুনে হলে ছাই
আড়াল আগ্রহ জাগে না জাগালেও !
আড়ালে ঢাকা থাক ত্বকের তরবারী
কাটলে মেদ নেশা , কপালে কঙ্কাল !
করোটি মাছি হীন ঠোঁটের ভনভন
চুমুর গহ্বরে সাপের শীতকাল !
আড়াল বেঁচে থাক সময় শরীরে ,
নাড়ির তারা -গোনা জানার সঞ্চয়
কিংবা যাপনের ভুলের সংবাদ
আগাম জানা গেলে হারাবে বিস্ময় ।
আড়াল কবিতায় এবং জীবনের
ম্যাজিক লন্ঠনে লুকোনো রোশনাই ,
ছড়ালে কা- কা রোদে কাকের পাকসাট
জমালে জ্যোৎস্নায় হারানো ধরতাই ।
