দিনের শেষে ঘরে ফেরা !
ছন্নছাড়া
কেমন যেন সব এলোমেলো,অগোছালো,
নরম পালকের মতন আলতো উষ্ণ ছোঁয়ায়
কেউ বলেনা ডেকে, কখন এলে..?
অপেক্ষায় নেই কেউ
ধোঁয়া ওঠা পিরিচ পেয়ালা হাতে।
চার দেয়ালের নীল সবুজ আসমানী ফোঁয়ারা
ছেটায় না খুশির ঝর্ণাধারা আগের মতন,
কলকলিয়ে হাসেনা যখন তখন
সব রং মিলেমিশে ধূসর এখন।
শীতল পাটির স্বপ্নে জড়ানো কথামালা
আজ ছুটছে, হাওয়ায় ভেসে শৈলচুড়া ছুঁয়ে
নীল দিগন্তের সীমানায় ।
হঠাৎ বিষম ঝড়ে কালো মেঘ সব ঢেকে দেয়,
রঙিন স্বপ্নরা আজ মলিন ,
সূর্যস্নাত ঝলমলে উজ্জ্বল নয়।
হতাশায় ডাহুক কাঁদে আনমনে নিভৃতে ,
গোলাপি নীড়ে কপোত কপোতি মুখ গুঁজে ডানা ঝাপটায়,
কাল যে ছিল বাঁদিকে অমূল্য রুধির খন্ড ….
আজ দূরের নীহারিকা।
পদ্ম পাতায় টলোমলো শিশিরের কণা
ক্ষনিকের হীরক দ্যুতি ছড়িয়ে মিলিয়ে যায়, টেকে না।
