শর্তে মুক্ত ভালোবাসা শেখাও আমাকে
সংজ্ঞাহীন সম্পর্কের বরে সৃষ্টি হোক নতুন বিস্ময় ,
বিস্ময়-ই জ্বেলে রাখে সেই আরব্য আশ্চর্য প্রদীপ
যতদিন রহস্য , আড়ামোড়া স্বপ্নে ঘোড়া ছোটাবো নিশ্চয় ।
শুরু হোক অগোছালো যাপনের যাত্রা রোপণ
ঢাকা থাক অভিজ্ঞ অতীতের চেনা মেঘ যত ,
কে দেবে , কে দেবে না বৃষ্টির জানা সংশয়
পেরিয়ে দেয়া’র জলে ভেসে যাক নেয়া পূর্ণত ।
নিয়মের তালা চাবি সময়ের ঠোঁটে
উড়ে উড়ে খোলতাই খুলে দিক দিগন্তে নীল ,
অপচয় জীবনের , স্বার্থের সন্ধিতে সুখ সাক্ষরে
মেদ মুছে আনকোরা মনে এসো অন্তরমিল ।
