যে ফাগুন পলাশ আগুন , নিভিয়ে জ্বালছে দ্বিগুণ , রমণীয় তার গুনগুন
প্রেমিক বোঝে ,
পুড়েছে সে জন রোমে , অপূর্ণ প্রেমের হোমে , ক্ষিতি অপ মরুৎ ব্যোমে
নিশি’র খোঁজে ।
প্রেমিকা আসছে কখন , সাহসী সাকির মতন , বরাভয়ে করবে বোধন
চুমু’র তূণীর !
ছুঁইয়ে সোহাগী বান , মনতানে শরীরী গান , তুলেছে চৈত্র তুফান
কোমল কুমীর ।
কথা নয় থাক নীরবে , দুজনে কূজন রবে , কখনও ক্লান্ত হবে ?
–বীজ বুনে হোক না , কবি !
ক্লান্তির স্বাদ না পেলে , চনমনে ভোর বিকেলে , কীভাবে আঁকবে ছেলে
মেয়েটির সাঁতার ছবি !
জীবনের জোয়ার ভাটা , ঢেউটাই সত্য কাঁটা , বাকিটা চড়ক পাটা
দুঃখ মুখী ,
আজকের আনন্দক্ষণ , মিছে নয় শুদ্ধ যাপন , চলকে চিতায় আপন
স্বপ্নে সুখী ।
