কোন সকালে সাজবে বলেছিলে
রাত ফোটানো শুকতারাটির মতো ?
সাঁজ ছোঁয়ানো সহস্রবার ঠোঁটে
লাজুকলতা লজ্জা পেলে কতো !
কোন দুপুরে বাজবে বলেছিলে
পাকুড় পাতার টাপুর সুখের মতো ?
রোদ গলানো ছায়ার পাহাড় জ্বরে
জলপটি হাত বাড়িও অন্তত ।
কোন বিকেলে মজবে বলেছিলে
মাঝবয়সী মেঘ মদিরার মতো ?
চাঁদ কুড়োনো শিউলি উপুড় ভোরে
প্রতীক্ষা পা এখনও অক্ষত ।
কোন গোধূলি মাখতে চেয়েছিলে
সর্ষে নদীর পরাগ বানের মতো ?
পালের বাতাস শিরশিরিয়ে দাঁড়ে
দৃশ্য স্রোতের চুম্বনে , সম্মত !
