জ্বরের কপালে তালু । ছুঁইয়েছিলাম । তাপ
গলিয়ে ঘামের জলে । সাঁতার কেটেছে সাপ
সাপের ছিলো না রিপু । রিপুর আছে যে ছায়া
ছায়ার শিখায় দপ্ । আগুন বিজয়ী মায়া
মায়ার গজালে পাখা । ময়ূরপঙ্খী হাওয়া
সুখের অসুখে নীল । কবিতা যাপনে যাওয়া
যাওয়া’র বৃন্তে ফোটে । আসা’র কুন্দ ফুল
মাঝের পৃথুল পথে । তোমার মৃদুল কূল
কূলের শান্তি টানে । ভীড়ের মুখরা ভাসে
সাইরেন পাল খুলে । পলাশ পাখিরা আসে
আসবো না । ভাবলেও । ভাবনারা বদলায়
শরীরে শতেক মন । আশা আর পাখনায় …
