যে ভাবে সাজিয়ে রেখেছি শব্দ কবিতা শরীরে ,
যে সব অনুষঙ্গ আর অনুপ্রাসে মাখিয়ে চলেছি
মুগ্ধ অলঙ্কার নেশা ,
মিত্র মৃত্যু এসেও বদলাতে পারবে না
এসবের এক বিন্দু অক্ষর সাক্ষর ।
সহাস্য স্মৃতি শয্যায় যাবার আগে
এই শুভ সান্ত্বনা আর যম-জয়ী আনন্দ আমার ।
যত রাত্রি জেগে আছে হাজারো পঙক্তির আগে পিছে
আমার অনন্ত ঘুমের মাঝেও
জেগে থাকবে সেই সেই ঠিক তত রাত ।
যে প্রীতির টানে থরে থরে শব্দ বন্ধ
পরস্পর ধরে আছে হাত ,
সেই ভালোবাসা সমমাণে অভিকর্ষের মতো চিরকাল
ভরিয়ে রাখবে আমার পৃথিবীর সমগ্র কবিতা হৃদয় ।
এর চেয়ে বেশি পাওয়া আর কী হতে পারে ?
হে আমার অতীত আর আগামীর কবিতা কাহন !
