— কীভাবে মুগ্ধ হই , জানো যুধিষ্ঠির ?
— জানার বিস্ময়বোধ , বীজে ; তপোধীর ।
মুগ্ধতা আষাঢ়ের গন্ধে মুকুল
ঝরো ঝরো রন্ধ্রেও বসন্ত ফুল ।
মুগ্ধতা দলছুট একা পক্ষে’র
ষোলো আনা সঁপে পাওয়া ধন যক্ষের ।
মুগ্ধতা একমুখী একাঘ্নী শর
এক তিল তালে কুটো অতলের খড় ।
মন ভরা মুগ্ধতা মরা কোটালে
ডুবে যায় সাঁতারের খেই হারালে ।
মুগ্ধতা নিভে গেলে জাগবে না ভোর
চারণ রবি’র ডাকে কে খুলবে ‘ দোর ‘ !
মুগ্ধতা বহু তারে সুর না ফোটাক
অন্ততঃ এক প্রাণে পূর্ণতা পাক !
