মন ক্যানভাস জুড়ে বৃষ্টির ফোঁটা
এলোমেলো হাওয়ায় আলতো জলবিন্দুর ছোঁয়া,
চোখের পাতায় আঁকে কত ছবি
ঝাপসা চারিদিক চরাচর লাগে ধোঁয়া।
ভেজা সমীরণে ফুলের সুবাস মাখা
তোমায় খুঁজি সকল চাওয়ার মাঝে,
অন্বেষণের অজানা ব্যাকুল পথে
মন খারাপি সকাল দুপুর সাঁঝে।
ছোটো ছোটো মুহূর্তগুলো কেমন যেন রোজ
রোজনামচার রুটিন খাতায় লেখা,
বৃষ্টি ধারে এক ছাতার তলায় আধো ভেজা
স্বপ্নগুলোয় চকমকি পাথরের ঠোকাঠুকি রেখা।
সাফল্যের ইঁদুরদৌড়ে ব্যস্ততার জীবন আজ
নেই অবকাশ জানি পাশে থাকার,
কাটছে সবার বেহিসাবি দিন
একান্তে জীবন মনে হাহাকার।
