এলো বসন্ত… ফাগুন প্রেমের সুগন্ধি ছড়িয়ে,
চৈত্র বাসরে প্রেম বিহ্বলতায় প্রেম মাল্য জড়িয়ে।
প্রেমের আবেশ ফুরাতে না ফুরাতেই শুরু প্রহর গোনা,
কালবৈশাখীর ডঙ্কা নিনাদ ওই বুঝি যায় শোনা।
এলো নিদারুণ দাবদাহে তপ্ত বোশেখ মাস,
আনচান দেহ, ফুটিফাটা রোদ, শুধুই হাঁসফাঁস।
জলাধার নদীনালা,শুকিয়ে তপ্ত কাঠ ,
সবুজ হারিয়ে বিবর্ণ বনানী সাথে মাঠঘাট।
চৈত্রের শেষ বৈশাখের শুরু-
কালবৈশাখীর আশঙ্কায় বুক করে দুরুদুরু,
তপ্ত দুপুরে ঈশান কোণে, হঠাৎ সাজোসাজো রব ,
থর থর বুকে নীড়ে ফেরা পাখি করে কলরব।
ধূসর আকাশ, দিগন্ত প্রসারী কালো মেঘে ছায় ,
অপরাহ্নে কাল বৈশাখী ঝড় রুদ্র রূপে বায় ।
ঝড়ের তাণ্ডব গ্রাম বাংলায় ভীষণ রকম চেনা,
তাইতো মনের ভয়ভীতি, কিছুতেই কাটেনা।
যত্রতত্র ভাঙে গাছপালা, ঘটে জলোচ্ছাস ,
কিছুই কারোর থাকেনা করার পেলেও পূর্বাভাস।
ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড, ঘর বাড়ি, বনারণ্য ,
বিদ্যুতের খুঁটি উপরে, বিদ্যুৎ বিচ্ছিন্ন ।
ফি বছর এই একই চিত্র, সারা বাংলা জুড়ে,
ভৈরব নাচনে গরিবের কান্না, শোন ঘরে ঘরে।
