আস্তে আস্তে ফিরে আসছে
তোমার আপাদমস্তক খোয়ানো নাব্যতা ,
অপেক্ষার স্রোতে ধরে আছি উদ্দাম সাঁতার সঙ্গম ।
তোমার নুয়ে পড়া শুকনো ক্লান্তির ঠোঁটে
আমি তো ভরেই থেকেছি ঝম ঝম জীবন চুম্বন !
অসমাপ্ত বিরহের বীণায় বাজবো বলে
ছুঁই ছুঁই জুঁই ভোরে হ্লাদিনী সরগম !
সাময়িক থমকে ছিলো উচ্ছ্বল শিরার গুঞ্জন
চানঘরে গুনগুন আবারও ভেসেছে তোমার নাভিজলে ।
দুঃসময় কেড়ে নিলে সুসময় বাড়াবেই হাত
আমরা পেতেছি ধৈর্য্য পর্ণমোচী চোটে
ঝরা ছায়াদের নতুন জন্ম হলে শূন্যতার সবুজ সখ্যতা ।
বীজের চক্রে ঘোরে যুগপৎ অসফল ফসলের জ্বর
আর শুরুর শিরিন সুখে হিরণ্য শীষের সুপ্রভাত ।
