কবে কোন পাহাড়ের ঢালে
আফশোস রেখেছিলে তুলে ,
সুখী সুখী বৃষ্টিতে গলে’
তুমি মেঘ যাওনি কি ভুলে !
মুকুলেরা সব ফল পেলে
ভেঙে যেতো শেকড়ের ডানা ,
প্রতি রাত কোজাগরী হলে
বিস্ময় কেটে হতো ছানা !
জীবনেরা দুকূল ভাসালে
কোথা যেতো পৃথিবীর ক্ষেত ?
তাই বুঝি প্রকৃতির বরে
ফাঁকে ফাঁকে হই অনিকেত ।
জ্ঞানপাপী তুমি আমি তুমি
জানি যত , মানতে কি পারি ?
যতটুকু পেয়েছি তা বাসি
বাসি বীজে এসো শুকসারী ।
