আমি ভালোবাসতে চেয়েছিলাম,
চেয়েছিলাম প্রেমিকা হতে …..
চেয়েছিলাম ঘর বাঁধতে একজন নিখাদ প্রেমিকের সাথে ,
যে প্রেমকে প্রাধান্য দেবে সবার আগে সব কিছুর বিনিময়ে ।
আমি চাইনি কখনো প্রেমে বঞ্চিত হয়ে
বিস্তার হোক শুধুই স্বামীর আধিপত্য বিবাহিত জীবনে ।
কিন্তু আমার চাওয়া পাওয়ায় কি এসে যায়
তা অনুভব করেছি বিবাহের পরে,দাম্পত্যের উঠোনে ।
প্রাক বিবাহে কাটানো দশ বৎসরের দুরন্ত প্রেম
হঠাৎ উধাও,কেমন যেন বদলে গেল রাতারাতি
একরত্তি সিঁদুরের ছোঁয়ায় !
প্রেমিকা থেকে হয়ে গেলাম শুধুই জায়া ……
ক্ষতি ছিলনা,থাকত তাতে যদি একটু প্রেমের সুগন্ধ
দাম্পত্য জীবনকে আঁকড়ে ধরে বেঁচে থাকতাম।
মোটা মাইনের চাকুরিরতা প্রেমিকা
নিমেষে হয়ে গেলাম নিছকই ঘরের বধূ ।
কাজেই তার চাওয়া পাওয়ার দাম দিতে গেলে সংসার চলেনা ……
ইচ্ছানদী শুকিয়ে সমর্পিত সংসারে ,
স্বামী শাশুড়ি পরিবারের কাছে পেয়েছি শুধু গঞ্জনা ।
বিবাহের প্রথম ভালোবাসায় সন্তানের আগমন
প্রাচীর তুলে করে দিল আরও প্রেমহীন নিঃসঙ্গ জীবন।
প্রেমশূন্য বিবাহোত্তর জীবন ধীরে ধীরে কখন যেন বদলে গেল
শুধু কর্তব্যের আবর্তে মোড়া দাম্পত্য জীবনে ,
নারী তুমি থাকো স্বামী সন্তান সেবা নিয়ে, তোমার আদর্শ স্থানে।
কি প্রয়োজন তোমার প্রেমকে প্রাধান্য দিয়ে….?
জানোনা…এটাই তো স্ত্রীর জীবনে আসল চাওয়া পাওয়া ।
ভুললে চলবেনা কিন্তু দিন বদলের পালায়
আজ বদলে গেছে হাওয়া ।
নারী আজ চিনতে শিখেছে নিজেকে,
বুঝতে শিখেছে নিজের স্বীয় অবস্থানকে সন্মান দিয়ে
পরের সাথে নিজের ইচ্ছাকে সমান গুরুত্ব দিতে।
তাই প্রেমকে হারিয়ে শুধু স্ত্রীর মর্যাদা চাইনি তোমার কাছে
চেয়েছিলাম সুখে দুঃখে জীবনের প্রতিপলে
তোমার প্রেমিকা হয়ে থাকতে,
শুধু কর্তব্য নয়,চেয়েছিলাম প্রেম ভালোবাসার সৌরভে
যুগল জীবনকে মুড়ে রাখতে ।
কিন্তু তুমি বুঝলেনা, পড়তেই পারলেনা আমার জীবন কথা ,
কর্তব্য শেষে কন্যাকে করে দিয়েছি প্রতিষ্ঠিত
আজ আমি তাই মুক্তি চাই ,
বাঁচতে চাই নিজের মতো করে সুন্দর এই পৃথিবীতে ।
