ওরা যাচ্ছে হেঁটে আইনের বারোটা বাজাতে,
আমি নীতির বাণী লয়ে বসে আছি সেই ভোর রাত হতে।
সময় যখন ভেঙ্গে যায় চিরকুটের ঘায়ে,
আইনজ্ঞ বিশেষজ্ঞ কি লিখে যায় প্রহসনের তামাশায়?
আমি এক বিক্ষুব্ধ নাগরিক বেশে আছি এই দেখে বসে,
মেঘ তারা, জল তারা, অকালপক্বতায় ঘুষ খেয়েছিল যারা।
আজ ন্যায়ের তুলাদণ্ড কাঁদে অন্ধ ঘরের কোণে,
লজ্জা বেচে উৎসব চলে উন্মাদের এই সনে।
কলম যখন বিক্রি হয় শাসকের পায়ের তলে,
সত্য তখন নির্বাসিত চোখের নোনা জলে।
ভণ্ডামির এই মিছিলে আজ স্লোগান ওঠে জোরে,
শহীদ বেদি মুখ লুকায় ভোরের অন্ধকারে।
হকের রুটি কেড়ে নিয়ে যারা প্রাসাদ গড়ে তোলে,
ইতিহাস কি তাদের ক্ষমা করবে কোনো কালে?
নিয়মকানুনের জাল বুনেছে মাকড়সাদের দল,
শোষণ করে কেড়ে নেয় খেটে খাওয়া মানুষের বল।
তবুও ভাঙবে এই আঁধার, জাগবে নতুন ভোর,
বিক্ষুব্ধ এই কলমেই ছিঁড়বে মিথ্যার ঘোর।
