যদিও যে কোনও পরিশ্রমী প্রশ্বাস
যে কোনও সময়ই শেষের নিঃশ্বাস হতে পারে ,
তবুও তিলে তিলে তিলোত্তমা স্মৃতির সমিতি
যতকাল বেঁচে
আমাকে জন্মান্ধ ভুলের দ্বীপে নির্বাসন দেবে কে !
আকস্মিকের পৌনঃপুনিক সম্ভাবনার
দীর্ঘ জিয়নকাঠিতে আমার জন্ম ,
ক্ষণজীবী মৃত্যুর শীর্ণ শরীর কী
আমাকে ধরে রাখতে পারে !
পূ্র্ণকুম্ভের হূল কোলাহলে , খেলার উৎসব আমোদে ,
যে কোনও ইঞ্জিন যানে , আশ্চর্য উপত্যকার মধুচন্দ্রিমায় ,
খেতে বসা মুগ্ধ মুঠির দৃশ্যে
চিরকাল জেগে থাকবো জাতকের চোখে ।
আমার প্রাগৈতিহাসিক বনেদী বাস্তু ভালোবাসার
শুধুমাত্র একটা জীবনের ঘায়ে ডুয়েলে লড়তে আসা
উদ্বাস্তু মরণের ভীরু চোখ দেখে ,
জন্মে চলি বারবার দেবকীর গর্ভ কারাগার ফুঁড়ে
মুহূর্তের আনন্দ ফুঁ -এ যশোদার শতাব্দী শাঁখে ।
