এখনও নীল খাম সাদা চিঠি মধ্যাহ্নের নিরবতা ভেঙ্গে
হরবোলা পাখির মত প্রাণে ডেকে যায় –
এখনও গোধূলির লগ্নভ্রষ্ট আইবুড়ো কনে পশ্চিম আকাশে
মিট মিটে তারা জ্বলা সন্ধ্যার প্রতিক্ষায় –
ঝঞ্ঝা বিধ্বস্ত হাওয়ায় সমুদ্রের জলে ভিজে
কত শত খবর প্রতিনিয়ত আসে নিয়ে
নীরবতা আকীর্ণ জীবনের কথা ভেসে যায় –
নতুন বৌঠান বলেছিল- কেমন হরবোলা পাখিটা উড়ে গেল দেখ’ –
টিঁ টিঁ টিঁ টিঁ ডেকে মাথার উপর !
আঁচলে তখন বকুল ফুল গন্ধে বৌঠান
আকাশে ছড়িয়ে গায় গান –
কত ঝঞ্ঝা বিধ্বস্ত পথ অতিক্রম করে
রোজ কত খবর আসে টিং করে শব্দ ওঠে
মধ্যাহ্নের পিয়নের মত
নতুন বৌঠানের দরজায় আমাদের জেটি ঘাটে,আনমনা –
এখনও নীল খাম সাদা চিঠি মেঘের আড়ালে;
নীল খাম সাদা চিঠির প্রতিক্ষা ফুরোয় না …
