এত দ্বিধা কেন মনে ,পারবে কি
আমার হাত ধরে বের হতে ?
পারবে আমার সাথে পায়ে পা মিলিয়ে চলতে?
যদি পারো,তবেই আমার হাত খানি ধরো ।
যদি মনে থাকে জোর , সত্যিই ভালোবাসো
তবেই ধরো, শক্ত করে হাতখানি ধরো ।
আমি তোমাদের মত পোশাকি জীবনে অভ্যস্ত নই ।
আমি আমার মতন ,
অতিসাধারণ জীবনের জলছবি আঁকি-
নিত্য বঞ্চনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলি ।
প্রত্যন্ত গ্রামে হাঁড়ি ডোম, মাঝি মল্লার ঘরে থাকি ,
কখনও বা শীতল জোৎস্না রাতে,
সাঁওতাল গ্রামে
পিদিমের আলোয় হাঁড়িয়া খেয়ে
মাদলের তালে কোমর দুলিয়ে নাচি।
ঝড়ের রাতে , কৃষকের উঠানে চাষের মন্দায় গোল বৈঠকে বসি ।
কলকারখানার শ্রমিকের সাথে , দাবি আদায়ে লড়ি ।
জীবনে আমার নেই কোন স্থিরতা
আমি চঞ্চল , আমি অস্থির , আমি ভৈরব ,
আমি জনতার স্রোতে একাত্ম হয়ে মিশে থাকি ।
সংসার আমার জন্য নয় ,
পারবে কি আমার তালে তাল মিলিয়ে চলতে ,
পারবে এই সাধারণ জনজীবনকে ভালোবাসতে ?
প্রশ্ন করো মনকে , যদি পারো এসো তবে ,
আমায় জড়িয়ে ধরো
চল যাই দুজনায় একসাথে এক ব্রতে ,
ঘুণে ধরা নয়, হাতে হাত দিয়ে গড়ি এক নতুন বলিষ্ঠ পৃথিবী ।
