প্রতিটি জীবন যেন, ছন্দময় কবিতায় লেখা
একটি পরিপূর্ণ খাতা ।
টানা পোড়েনের সাথে প্রতি পাতায় থাকে,
নানা ছন্দ, বর্ণ,গন্ধে জীবনের অমূল্য পান্ডুলিপি ।
সেই ছন্দে রিনি-রিনি সুর তুলে,
জীবন প্রভাত, শৈশব আঙিনায় নেচে বেড়ায়।
কখনো বা হালকা শাসনে বেঁধে রাখে
দুরন্ত কৈশোরকে।
তারুণ্যে ভরপুর জীবনের হঠাৎ প্রবেশ কঠিন বাস্তবে,
নানা আঁচড় কেটে বলে যায় মনের কথা,
কখনো রূঢ় বাস্তবের ভূমি কখনো পালঙ্কে শুয়ে ।
মহার্ঘ্য যৌবন! সেতো প্রতিক্ষণে,
ছন্দে-ছন্দে উড়ে বেড়ায়,কখনো সুরভি আতর মেখে
কখনো দুর্গন্ধময় কর্দমাক্ত পিচ্ছিল পথে ।
খোদিত হয় চঞ্চল হদয়ে
আগামীর স্বপ্ন রূপায়ণের নানা শপথ ।
থাকে নতুন দেশ, নতুন জীবন গড়ার আশা ।
তাতে কখনো ছন্দের উঠা নামা,
কখনো রোমাঞ্চ-ভালোবাসা বা স্বপ্ন ভঙ্গের হতাশা।
ছন্দের আনাগোনা চলে শাখা প্রশাখায়,
কর্তব্যের তাগিদে খানিক থমকে দাঁড়ায় ।
কবিতার খাতা ভরে উঠে, বয়সের ভারে ,
জীবন সায়াহ্নে এসে, ভবসাগরে তা যায় ভেসে ।
