কার কথায় কে হাসে?
বান্দরের কথায় হনুমান ওঠে বসে।
সিংহাসনের খোলস বদলায়, বদলায় না তো রীতি,
পুরোনো দিনের অপশাসনের এই কি তবে স্মৃতি?
দৃশ্যত অনুভূতিতে প্রজাপতি সেও মরে লাজে,
যাদের চাবুক মারার কথা, তারাই খাটে সাজে।
রাম হাসে বদনামে, শ্যাম হাসে গরমে,
মানুষ কেবল পুড়ছে আজ নিজের ঘরের শরমে।
ত্রিশ বছরের খরা গেল, ভাবলে বুঝি বাঁচলে?
নতুন চোরেরা বুক ফুলায় পুরোনোদের আঁচলে!
অধিকারের নাম করে আজ চলছে শুধু ছিনিমিনি,
আমরা কেবল হাততালি দিই, আসল রূপ তো চিনি।
হনুমান ভক্তরা এখন চিরকুটে প্রেম লিখে পাঠায় কমলা খামে,
আর এ দেশের ইস্তাহার বিক্রি হয় সস্তা স্লোগানের দামে।
চাকরি চুরির হাটে বসে আজ বড় বড় সব বুলি,
মিথ্যে ভোরের স্বপ্ন দেখিয়ে আমাদের চোখ ঠুলি।
প্রতিবাদের বুক চিরে আজ নামছে চোরের মিছিল,
শাসক হাসে অট্টহাসি, মারছে চিলতে ঢিল।
তবুও হিসাব মিলবে একদিন, ভাঙবে খামখেয়ালি রাজ,
চিরকুটের এই প্রেম ফেলে মানুষ চিনে নেবে তার কাজ।
যে আঙুল আজ কলম ধরেছে, সে আঙুল রুখবে চোর,
এই ছদ্মবেশের অবসান ঘটিয়ে আবার আসবে ভোর।
