রাত গভীর হলে চাঁদ ঘোমটা তোলে
জোছনা খুলে খুলে পড়ে জনান্তিকে-
কচি ঘাসের পরে,সবুজ কচু বনে, নদী জলে
-একলা বালুচরে গলে গলে পড়েছে সারারাত
যে যেমন পেরেছে চেটে পুটে নিয়েছে
নিশ্চিত নিরাপদে, বেড়ে ওঠা সেই
কালো ঘোড়ার পদ সঞ্চালন, ধূলো ওড়ে ওই
আকাশ ধূমাচ্ছন্ন হয়
পৃথিবী থরো থরো কাঁপে যেন
কাল সারারাত কী যেন হল !
কী করে যে ট্রিগার চালাল’ কে !
কালো ঘোড়া সাদা হল !
জোছনায় ঘাড় গুঁজে ঘাস খেল’ ,সারারাত
এক সাথে গান গায়
একে একে পড়ে গেল সব কালো মাথা…
জোছনা খুলে খুলে পড়ে আছে জনান্তিকে
পরম শান্তিতে এবার ঘুমোবে তারা …
কালো ঘৌড়া সাদা হয় সাদা ঘোড়া কালো হয় আর,
ট্রিগার চালাতে থাকে ,চলতেই থাকে অনিবার …
