হাজারো আঁধার ঘিরে আছে দশদিক
আলোর ঝিলিক নেমে আসে ফাঁক গলে’ ,
আমরা দাঁড়িয়ে যে যার নিজের মতো
পরিণত ক্যাচ ভঙ্গুর , দূরে বলে’ ।
বহু পথ মত কীভাবে মিলবে মোড়ে !
একতার জোর ঈশপের বান্ডিলে ,
খসে পড়ে তারা আদি ডি এন এ’র শাপে
বাসি আলোচনা ঠোঙা হয়ে ভাসে নীলে ।
চিলের পিছনে ছুটে ক্ষয়ে যায় আয়ু ,
শতাব্দী শ্বাস কাল – ড্রাগনের ফুঁ -এ
জ্বলে জ্বলে ধ্রুব টিমটিমে শুকতারায় ,
আসল কথাটি ঢাকা পড়ে পলি ভুঁয়ে ।
পলির আদরে উর্বর হবে শীষ
শিরিন শিশিরে সমবেত শীষে সোনা ,
সোহাগার শ্রমে জুড়ে যাবে খাদে ক্ষত
সেই আশাতেই কবিতার কুঁচ বোনা ।
