এই আছে নেই – চাকরি যেমন
পদ্মপাতায় জল ,
পাতায় বসে কুমীর কাঁদে
বাকিরা ছলছল ।
এই আছে নেই – বাতাস যেমন
ঝড়ের ভিতর হাওয়া !
হাওয়ার হাতে মিছিল ছিলো
চিল নিয়েছে বাওয়া !
এই আছে নেই -খবর যেমন
টি আর পি যার মাপা ,
কোন খবরে ইঁদুর ধরে
কোন বেড়ালে ফাঁপা ।
এই আছে নেই – বিবেক যেমন
সেনসেক্সের চাকা ,
দৌড়ে দূরে ষাঁড়ের গুঁতোয়
ভালুক জ্বরে খাঁ খাঁ ।
এই আছি নেই – আমি যেমন
ভিন – ঘুমে চিৎপাত ,
সময়ে কান মুললে জাগে
প্রতিবাদের ধাত্ ।
এই আছে নেই – পদ্য এমন
তালির মতন বাজে ,
জুড়িয়ে গেলে উষ্ণ উনুন
ক’জন আগুন ভাঁজে ?
