আলোকের এই ঝর্না ধারায় ধুইয়ে দাও,
আছে যত মান অভিমান
হাউই এর পালে উড়িয়ে নাও।
আকাশের সীমানা ছাড়িয়ে উড়িয়ে দিলাম
যত আছে তাপ অনুতাপ ,
মানব প্রেমে আমার অধিকারের স্বত্ব গুলি,
ধুলায় মিশে যাক।
আতস বাজির প্রজ্বলিত বারুদ শিখায়
পুড়িয়ে দিলাম সব অহং শিখা ,
ভালোবাসায় শুধু ভরা থাক মোর হৃদয়
মানুষের জন্য মানবতা ।
কালঘুম ছেড়ে এবার উঠুক চেতনা জেগে
উদগিরণ হোক সহমর্মিতা বোধ।
তীব্র স্বার্থপরতার যানজট কাটিয়ে
ভেঙে যাক ভবিষ্যতের পঙ্কিল অবরোধ।
ছুঁড়ে ফেলে আবিল মন,
কুড়িয়ে নিলাম প্রেম, মায়া মমতা
হোমানলে দিলাম পুড়িয়ে হিংসা দ্বেষ ঘৃণা,
যেথায় যা আছে যথা।
উঠুক জ্বলে বিবেক চেতনা ,
মানব সাগরে ভাসিয়ে ব্রত ।
অন্তর মম বিকশিত হোক
সাজিয়ে আকাশ রাত জাগা তারাদের মত ।
শেষ বিকালের অস্ত রাগে
আঁধার ঘুচিয়ে মনের কালো,
ধ্রুব তারা হয়ে বিকশিত হোক
অন্তর চুয়ানো জ্যোতির্ময়ী আলো।
