Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » দোকানি || Humayun Azad

দোকানি || Humayun Azad

দু-দিন ধরে বিক্রি করছি
চকচকে খুব চাঁদের আলো
টুকটুকে লাল পাখির গান,
জাল ছড়িয়ে আস্তে ধরছি
তারার ডানার মিষ্টি কালো
ঝকঝকে সব রোদের ঘ্রাণ।

বিক্রি করছি চাঁপার গন্ধ
স্বপ্নে দেখা নাচের ছন্দ
গোলাপ ফুলের মুখের রূপ,
একশো টাকায় এক রত্তি
বিক্রি করছি সত্যি সত্যি
সবুজ রঙের নরম ধূপ।

চাঁদে চড়ে ভর নিশিতে
জ্যোৎস্না ভ’রে ছোটো শিশিতে
বানাই ঠাণ্ডা আইসকিরিম,
টোস্টে একটু রৌদ্র মেখে
বিক্রি করছি টাটকা দেখে
মেঘ-রৌদ্রের সিদ্ধ ডিম।

বিক্রি করছি সন্ধ্যা রাত্রে
চকচকে এক রুপোর পাত্রে
জ্যোৎস্না-ডাবের মিষ্টি জল,
সবার যাতে সময় কাটে
ছুঁড়ে দিয়েছি আকাশ-মাঠে
একটি শাদা রবার বল।

বিক্রি করছি রাশি রাশি
লাল গালের মিষ্টি হাসি
পরীর গায়ের সিল্কশাড়ি,
জোনাকিদের দেহের মতো
করছি বিক্রি শতো শতো
ইস্টিমার ও ঘরবাড়ি।

ইকড়িমিকড়ি চামচিকড়ি
হচ্ছে এখন ভীষণ বিক্রি
নীল ময়ূরের লাল ছবি,
শিশির-ভেজা মিনার থেকে
এসব ছবি দিচ্ছে এঁকে
ডানাঅলা এক কবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *