এখন আর আগের মতন
হাঁটতে পারি কই?
তিন পা চলে চার পা পিছাই
হোঁচট খেয়ে ওই!
তবুও চলার সাহস রাখি
যতই পড়ে যাই,
আমার সাথে আমার পাশে
আর যে হা কেউ নাই!
কোমর আমার ভাঙা তো নয়
শিরদাঁড়া চাপ খাওয়া,
স্নায়ুগুলোয় সাঁড়াসি চাপ
যন্ত্রণা তাই পাওয়া!
তবুও আমি এগিয়ে চলি
থামার চিহ্ন নাই –
বন্দে ভারত ট্র্যাকেই গয়া
প্যাসেঞ্জারটি তাই!
হোক না আমার একটু দেরি
এক রাতেই বর্দ্ধমান –
তবুও চলি ঢিকুস ঢিকুস
বর্দ্ধিত সম্মান!
সবার সাথে হেসে কাটাই
কেউ কি বোঝে হায়?
সাঁড়াসি চাপ স্নায়ুর ব্যাথার
যন্ত্রণাটা তায়!
কোমর তলে সার নেই যে
কিসে যে পা ফেলি?
আগুন, নাকি কাঁচ বা বরফ
কেমন করে বলি?
সঙ্গী আমার যষ্টি আছে
স্বস্তি তাতে পাই
গলায় দড়ি কোমর বেড়ি
কোথায় হায় পালাই?
তবুও আমি দিব্যি আছি
মুঠোফোনই নয় –
আমার জগৎ মানুষ, যাদের
“মহৎ” পরিচয়!
