জিয়নো ক্ষত রয়েছে যত,
রয়েছে তোমারই মত নীরবতার গভীরে,
আগের মতন জ্বলেনা আর
চকমকি পাথরে ঝলসানো রোদ্দুরে।
বুকের পিঞ্জরে ডানা ঝাপটায়,
ঠোঁট ছুঁয়ে অভিমান উড়ে যেতে চায়,
আকাশের গায়,
শরতের পেঁজা তুলোর মত দিকভ্রান্তে,
অজানা আকাশে গা ভাসায় ।
সবই জলছবি !
জলে ভেজা শ্যাওলা শুধু দেওয়ালে নয়,
মনের পাথরেও জমে পুরু হয়ে।
মৃত স্বপ্নদের নিয়ে –
না বলা কথার অভিলিপ্সিত অনুরণন
বুকের বাম দিকের চাতালে
উল্কি এঁকে যায় সাদা কালো দিনের।
মুঠো মুঠো সুখের খুচরো হিসাব মুছে যায়,
ছেঁড়া চিরকুটের আলো আঁধারিতে ।
অদৃশ্য রক্ত ক্ষরণের চোরা কুঠুরিতে
রয়ে যায় শুধু যন্ত্রনার ইতিহাস।
