বিশ্বব্যাপী স্লোগান হোক একটাই-
যুদ্ধ নয় শান্তি চাই ……
গোলা বোমা বারুদের বিষময় গন্ধে,
কুণ্ডলী পাকানো কালো কালো ধোঁয়া রাশি
নাচে নিষ্ঠুর ছন্দে, মৃত্যুর আনন্দে।
কামান শেল্টার ফাইটার বোমারু ,
প্রতি মুহূর্তে নিরীহ মানুষের বক্ষ করে দুরুদুরু ।
চারিদিকে লাশের পাহাড় ,চাপ চাপ শুধু রক্ত,
হিমশীতল স্রোত ধারায়, চোয়াল হয় শক্ত ।
রক্ত নদীর উল্লাস প্লাবনে শয়তানের অট্টহাস্য !
নেই ভ্রূক্ষেপ বিন্দুমাত্র,হারিয়ে মানবিক মনুষত্ব।
মাতে ক্ষমতা দখলের লড়াইয়ে দেশ নায়কেরা,
আপামর দেশবাসীর কথা না ভাবা,পরম্পরা।
যুদ্ধযুদ্ধ খেলা চাইনা আর চলছে আবহমান
নিরীহ নিষ্পেষিত মিলেমিশে জনসাধারণ।
ঘাম রক্ত জলে খেটে খাওয়া আমজনতা
বুঝিনা রাজনীতি, বুঝিনা কাকে বলে ক্ষমতা ।
ক্ষমতার দম্ভে বন্ধ হোক,উলু খাগড়ার জীবন বাজি,
রক্ত হোলিতে স্নানের ক্রুর কৌশল, স্তব্ধ হোক আজি।
বিগত দ্বিতীয় বিশ্বযুদ্ধে দেখেছি ধ্বংস খেলা,
চাইনা তৃতীয় বিশ্বযুদ্ধ,চাইনা তাণ্ডব লীলা।
ঔদ্ধত্যের প্রতাপ হাতিয়ারে ন্যস্ত ক্ষমতায়ন
হিংসা দ্বেষ লাভা স্রোত ষড়রিপু সম্বরণ
শান্তির সম্মেলন ঘটুক বিশ্ব চেতনায়
নতুন ছন্দে পৃথিবী আবার শান্তির ধ্বজা উড়ায়।
পৃথিবীর বুকে শান্তি ফিরে আসুক,
নতুন ছন্দে শান্তির ধ্বজা উড়িয়ে পৃথিবী আবার হাসুক।
