ওগো পতি তোমার মতি বোঝা যে আজ দায়
তোমার কথা দিচ্ছে ব্যথা হুল ফুটিয়ে যায়।
গিন্নি আমি স্বামী তুমি মাঝখানে কে হায়
শান্তি নষ্ট বুকে কষ্ট পরকীয়া পায়।
যাবো চলে দিলাম বলে পরের মেয়ে থাক
থাকো সুখে আমি দুখে সংসার নিপাত যাক।
অবলা নই সবলা রই রোজগারের ভাত খাই,
বুঝবে গেলে শূন্য পেলে ছুটবে পিছে ধাই।
ওহে বিন্নি আমার গিন্নি ভুল বুঝেছ আজ
মণি হারা তুমি ছাড়া শোনাই শোনো রাজ।
আসক্তি নয় প্রেমেতে ভয় মাসতুতো বোন হয়
সন্দেহ হায়! প্রাণটা যে যায়, মিছে করো ভয়।
বাঁচালে বাপ দিয়েছি শাপ পোড়ারমুখো মন
মাপ চেয়েছি বোন পেয়েছি কাটাই সুখের ক্ষণ।
গলার কাঁটা মারি ঝাঁটা ভাবনায় ছিল ভুল
থাকব দোঁহে প্রেমের মোহে আর জমবে না ধুল।
