সূর্য অস্ত যাচ্ছে পাটে
নামছে সন্ধ্যা ওই,
হাঁসগুলো সব কোথায় গেলো
ডাকছি কত চই চই।
দিঘির পারে খালে বিলে
খুঁজে হন্যে হই,
কোথায় তোরা? শিগগির আয়
চই চই চই।
ঐ শুনি ডাক প্যাঁক প্যাঁক প্যাঁক
করছে জুটে হইচই,
এবার বুঝি আসছে সবে
আয় আয় চই চই।
আসলো নাতো! নেই যে হদিস
কার কাছেতে কই!
আয় ফিরে আয় ওরে তোরা
চই চই চই।
দূরে ঐ নদীর বাঁকে
বক উড়ে চেয়ে রই
ফিরছে সবাই আপন নীড়ে
তোরা কোথায়? চই চই।
চই চই চই, চই চই চই
ডেকে সারা পই পই,
নামছে আঁধার, আসবে শিয়াল
আয় ঘরে আয় চই চই।
