কুতকুতে চোখ মূষিক প্রবর গুটিগুটি চলে
পৈতে গলায়পুজোর মন্ত্র জোরে জোরে বলে।
সকাল বেলায় স্নানটি সেরে সাদা ধুতি পরে
কমণ্ডুলটি হাতে নিয়ে গঙ্গাজল যে ভরে।
থপথপিয়ে চলছে মূষিক সাঙ্গোপাঙ্গো সাথে
গনেশ পুজো করবে আজি পঞ্চ প্রদীপ হাতে।
ময়ূর প্যাঁচা সিংহ হংস ড্যাবড্যাব চোখে চেয়ে
অঞ্জলি দেয় দুর্গা মায়ের লক্ষ্মী সরো মেয়ে।
হৈহৈ করে আসছে ছুটে ভক্ত প্রেমী দলে
মূষিক প্রবর ল্যাজ গুটিয়ে ভয়ে পায়ের তলে
চুপটি করে বসে থাকে মিষ্টি মণ্ডা মুখে
বাহনের বেশ অঙ্গে তখন আছে খাসা সুখে।
সিঁদুর লেপটে দিলো ভালে দূর্বা খানিক মাথে
ফল মিষ্টি দই সাজিয়ে দেয় পানসুপারি হাতে।
ফলার খাবে পেটটি পুরে আনন্দেতে মাতে
সিংহ বলে ভাগ বসাবো মনে রেখো রাতে।
হিংসা বিদ্বেষ ভুলে সবাই রাতের ভোজটি সারে
চর্ব্য চোষ্য খেয়ে শেষে নাকটি জোরে ঝাড়ে।
আধিপত্য মূষিক দেবের মাটির তলায় বাসা
ধানের ফসল নষ্ট করে মুখে বলে খাসা।
