তবুও আমার ভেতর ভূমির প্রসন্ন প্রাণশালায়
বিষন্ন এক ভাঙচুর চলতেই থাকে
কিন্তু প্রতিটি চুরচুর -এর ঠিক আগেই
এক আশ্চর্য মহীয়সী মমির মায়াহাত এসে
লোটানো যাপনযাত্রা গুছিয়ে আস্ত করার চেষ্টা করে যায়
যদিও ভরপেট টুকরো টাকরায় চেটেও
আমার আস্ত হবার তেষ্টা ফুরোয় না
সারিসারি বৃক্ষের বন্ধ্যা বাগানে এসে এলোমেলো বসি
মোহন ছায়ার মোলায়েম ভালোবাসার আদর প্রতিভার
আলতো আগল খুলে বোধি স্বপ্ন আসে
টুপটাপ আনন্দ শিশির চোখে জেগে উঠি ঘুমের ভিতরে
তবুও কিন্তু যদিও ইত্যাকার অব্যয় বিষের সংশয়ে পুড়ে বুঝি-
বিচ্ছিন্ন কুঁড়িহীন জীবন জঙ্গলেরও টসটসে ছায়াফল থাকে
