বৈশাখী মেঘ তপ্ত আতপ
নিদাঘ দগ্ধ ধরা,
অপরাহ্নে আবার হঠাৎ
মেঘের গর্জন কড়া।
দাবদাহে গায় স্বেদবারি ঝরে
নাজেহাল সব প্রাণী,
চাতক তৃষ্ণায় কাতর ডাকে
ফসলের ক্ষয়, হানি।
নাভিশ্বাস হয় অগ্নিবানে
চেয়ে থাকি নভ পানে,
যদি জীমূতের হয় আগমন
সুধাবারি কিছু দানে।
আজকে পথে কালবৈশাখী
এলে উড়িয়ে ধুলো,
হরষিত মন খুশিতে বিহ্বল
বৃষ্টি আজ আমায় ছুঁলো।
বৃষ্টিস্নাত চরাচর সুখি
তরুলতা ভিজে দুলে,
পুলকিত মন নাচে আনন্দে
গান গায় প্রাণ খুলে।
