কাঁদছে গল্প সন্ধ্যাতারার দেশে,
মন উড়ানে চলছি আমি ভেসে।
স্বপ্ন কত দেখছি রঙিন বেশে,
ঘুরছে যেন অম্বর মাঝে হেসে।
দিবস শেষে সূর্য গেলে পাটে
বিষাদ জমে মনের পাড়ার মাঠে,
তমসা ছায় ধীরে ধরা পটে
চুপকথাদের বিলাপ হৃদি তটে।
অনুরাগের অভিমানে পলে
মন বেদনা কতই কথা বলে,
অতীতের দাগ হয়নি বেদাগ মনে
হঠাৎ করেই জাগে স্মৃতির সনে।
জীবন বোধের নকশিকাঁথার ভাঁজে
সন্ধ্যাতারার আলোক সুধা রাজে,
রাতপরিরা বেড়ায় ঘুরে রাশে
কল্পলোকের গল্প শোনার আশে।
গল্প লিখি তাদের ভীড়ের মাঝে
চুপকথারা চুপে সেথায় রাজে,
গোপন ব্যথার কথা কেঁদে মেশে
গল্প লেখা হয়না যে শেষ শেষে।
