লেখা তো অনেক হলো , পাঠ পেলো কত ?
লেখকেরা বই নিতে নিজে সম্মত !
সেটা হয় অঘটন , বাকি পুশ সেল
হাজারে হাজার লেখা , কাকেদের বেল !
কিছুই লেখে না যাঁরা , শুধুই পাঠক
তাঁরা কী জানেন তুমি কবি না ঘাতক !
বিখ্যাত হও আগে , তারপর ছেপো
কিংবা কীভাবে হয় যোগাযোগ , মেপো ।
বিখ্যাত অখ্যাত কারা করে ঠিক ?
গুটিকয় পত্রিকা যারে মারে টিক্ !
কিংবা মঞ্চে যাও সপ্তাহে সাত
বেড়ে যাবে টিআরপি , প্রতিযোগী কাত !
মুখ করো পরিচিত টিভি সিরিয়ালে
ক্রেতা নেবে সই বই , সেলফি দেয়ালে !
বাংলার জিন পেয়ে যারা লেখে ভালো
তাদের সংখ্যা শুষে নামতাও কালো !
পৃথিবীতে আছে কোনো রাজ্য বা দেশ
এতো এতো লেখকের হয় সমাবেশ !
হতাশার হাঁসফাঁস গিলে খাবে লেখা
সৃজনের সুখ আঁকা হবে না যে শেখা ।
তাহলে ধৈর্য্য ধরে খেটে যাও আরো
বিনিদ্র রাত হবে ভোরে নীল গাঢ় ।
প্রতিভার বীজ এসে বলে যায় — শোনো
মহীরুহ হবো ঠিক , দিন শুধু গোনো ।
