ব্যস্ত চোখের বাসি কলরবে নয়
আধবোজা পাতার টাটকা শিশির স্বপ্নে এসো ,
আমি স্বপ্নের পাপড়ি খুলে
তোমার গাভীন দৃষ্টি মেঘে উর্বরা বৃষ্টি এনে দেবো ।
শতাব্দীর মোহাচ্ছন্ন আঁধার পাঁজর জ্বেলে
কতো শত দধিচীর বজ্র নিভে গেছে ।
শুশ্রূষাহীন উলঙ্গ সময়ের ক্ষুধার্ত শীতের আড়ালে
কী বীভৎস কিলবিল বিভাজন আগ্নেয় নেশা
আর নেশার অনুষঙ্গে সেই-ই-ই আফিম উপমা !
বসিয়ে বসিয়ে ক্লান্ত , আমি আমার-ই কান্নার গন্ধ পাই ।
কবিতায় ময়নাদ্বীপ থেকে
উর্বরা বৃষ্টি এসে বীজে গেছে বারবার ,
বাস্তবের ঊষর সভ্যতায় তবু শীষ বার্তা
ধর্মহীন বিশুদ্ধ হলো না ।
আজও কার্লকে ক্লিশে করার ক্ষমতা নিয়ে
কোনও কালের কণ্ঠ এলো না ।
