আস্তে আস্তে কাছে আসবে গাছ
কোটর রাতে রোদ ফড়িংয়ের নাচ ।
আস্তে আস্তে বুকে বইবে নদী
শোক ভাসানো বেহুলা সম্বোধি ।
আস্তে আস্তে হাতে বসবে পাখি
বিয়োগ-জোড়া আকাশগন্ধা রাখী ।
আস্তে আস্তে মনে ফুটবে ফুল
ফিকে’র শিকেয় আফসোস আর ভুল ।
আস্তে আস্তে চোখে জাগবে ভোর
জাতক মাটির নোঙর ঘেরা ঘোর ।
আস্তে আস্তে ভাল্লাগে না’য় হাওয়া
পালের তালে জীবন ছন্দে যাওয়া ।
আস্তে আস্তে ফিরবে মনোজিৎ
করুণ খাঁ খাঁ’য় ‘ এবং ইন্দ্রজিৎ ‘।
মহান গুরু সময় মানান সব
তাঁর ওষুধে সবকিছু সম্ভব ।
আস্তে আস্তে শ্বাসে ফিরবে স্বাদ
সুখ কুড়োনো শিউলিতলার চাঁদ ।
