একলা শূন্য বাড়ি । তোমার পথ চেয়ে
বাড়ির ভেতর ঘরে । বাতাস বেয়ে বেয়ে
আকাশ নেমে আসে । বিছানা বিছাতে
বাড়িয়ে বৃষ্টি পা । আসর সাজাতে
ঝরেছে যত পাতা । তাদের ছায়াসুখ
সকলে পড়শী । বরণে উন্মুখ
বন্ধ জানালা । তোমার ভরা টানে
ভরেছে আলো চোখ । মরমী মূলতানে
ধুলোরা সাফসুফ্ । মেঘের ইশারায়
ছন্দ ফিরে আসে । রোদের পাখনায়
উঠোনে প্রস্তুত । হাজারো স্মৃতি শাঁখ
তোমার হাঁক পেলে । হু হু -তে কুলু ডাক ।
শরীরে মায়াবীজ । বুনলে বাড়ে মনে
মায়ার সেতু স্বাদ । পরাগ আচমনে
তুমি যে একা নও । ঘরও খাঁ খাঁ নয়
পর কে পৃথিবীর ? আলাপ-ই সঞ্চয় ..
