ফাগুনের রঙে রাঙাও হৃদয়খানি
ফাগ বসন্তের মিলন উৎসবে,
দিকে দিকে কিংশুক অশোক লালে
মাতুক মনন আনন্দ উল্লাস রবে।
মন যমুনায় উজান স্রোতে প্রেম
বসন্ত বায়ে শিহরণ ঢেউ তোলে,
হৃদয়ের অলিগলি ঘুরে অনুপলে
পলাশ শিমুলের রঙ বিলাসে
দোলে।
কোকিলের কুহু হাতছানি দেয় তায়
নীল অম্বরে নীল বসন্তের মেলা,
অন্তবিহীন ছায়াপথে কত রঙ রেখা
খুশিতে এ মন উচাটন সারাবেলা।
বসন্ত বাহারে বাসর সাজায় হৃদি
ফাগের রাগে অনুরাগের ছোঁয়া মনে,
হোলি খেলার উতল আবেগ মোহে
রাঙিন হৃদয় উদ্বেলিত ক্ষণে ক্ষণে।
