Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » মা লক্ষ্মীর পাঁচালী

মা লক্ষ্মীর পাঁচালী

গণেশ বন্দনা
বন্দ দেব গজানন বিঘ্নবিনাশন।
নমঃ প্রভু মহাকায় মহেশ-নন্দন ॥
সর্ববিঘ্ন নাশ হয় তোমার শরণে।
অগ্রেতে তোমার পূজা করিনু যতনে ॥
নমো নমো লম্বোদর নমঃ গণপতি।
মাতা যার আদ্যাশক্তি দেবী ভগবতী ॥
সর্বদেব গণনায় অগ্রে যার স্থান।
বিধি-বিষ্ণু মহেশ্বর আর দেবগণ ॥
ত্রিনয়নী তারার বন্দিনু শ্রীচরণ।
বেদমাতা সরস্বতীর লইনু শরণ ॥

শী শ্রী লক্ষ্মী দেবীর প্রণাম

নমো বিশ্ববরূপস্য ভার্য্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে।
সর্বতঃ পাহিয়াং মহালক্ষ্মী নমোহস্তুতে।

শ্রী শ্রী লক্ষ্মী দেবীর মন্ত্রজপ

নারায়ণং নমষ্কৃত্যং নরঞ্চৈব নরোত্তমম্।
দেবীং সরস্বতীঞ্চৈব ততো জয় মুদীরয়েৎ।।
বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবীং দারিদ্র্য-দুঃখ-নাশিনীং।
ক্ষীরোদপুত্রীং কেশবকান্তাং বিষ্ণের্বক্ষোবিলাসিনীং।।

শ্রী শ্রী লক্ষ্মী মাতার আবাহন

এসো মা লক্ষ্মী, কমল বরণী, কমলালতিকা দেবী কমলিনী-
কমল আসনে, বিরাজ কমলা, কমলময়ী ফসলবাসিনী।।
কমল বসন, কমল ভূষণ, কমনীয় কান্তি অতি বিমোহন।
কোমল করে, শোভিছে কমল, ধান্যরূপা, মাতঃ জগৎপালিনী।।
কমল কিরিটি মণি মনোহরে, কমল সিঁদুরে শোভে দেখি শিরে।
কোমল কন্ঠে কমল হারে, কোমল বদন দেখি যে সুন্দরে।।
কমল চরণে কমল নূপুর, কমল অলক্ত মরি কি সুন্দর।
দীন (এখানে নিজের নাম উচ্চারণ করুন) সন্তাপ হর তুমি নারায়ণী শান্তিপ্রদায়িনী।।

অর্থ: হে মা লক্ষ্মী! তোমার বর্ণ পদ্মের মতো সুন্দর (কমল বরণী)। তুমি যেন পদ্ম লতার মতো কমনীয় এবং পদ্মফুলই তোমার আবাসস্থল। তুমি পদ্মাসনে বিরাজমান এবং শস্য-সঞ্চয় বা ফসলের দেবী (ফসলবাসিনী)। তোমার পরিধানে পদ্মের মতো সুকোমল বস্ত্র এবং অঙ্গে পদ্মফুল বা পদ্মের মতো সুন্দর অলঙ্কার শোভা পাচ্ছে। তোমার রূপ অত্যন্ত মনোহর ও মোহনীয়। তোমার কোমল হাতে পদ্মফুল শোভা পাচ্ছে; তুমি সাক্ষাৎ ধান্যরূপা এবং এই সমস্ত জগতের পালনকর্ত্রী।

মা তোমার মণি-মুক্তায় খচিত মুকুট ও সিঁথির সিঁদুর অত্যন্ত মনোহর ও সুন্দর দেখায়। তোমার কোমল কণ্ঠে পদ্মহার বা সুন্দর মালা ঝুলে আছে এবং তোমার এই স্নিগ্ধ মুখমণ্ডল অত্যন্ত সুন্দর ও মনমুগ্ধকর।

তোমার পদ্মপ্রসারিত কোমল চরণে রিনঝিন শব্দে নূপুর বাজছে এবং রাঙা আলতার ছোঁয়ায় তা অপূর্ব সুন্দর দেখাচ্ছে। হে নারায়ণী ও শান্তিপ্রদায়িনী দেবী! দীন ভক্ত (এখানে নিজের নাম উচ্চারণ করুন) সকল দুঃখ-তাপ হরণ করে তাকে শান্তি ও কৃপা দান করো।

শ্রী শ্রী লক্ষ্মীর স্তব মন্ত্র: (তিন বার পাঠ করতে হবে)

ত্রৈলোক্য-পূজিতে দেবি কমলে বিষ্ণুবল্লভে।
যথা ত্বং সুস্থিরা কৃষ্ণে তথা ভব ময়ি স্থিরা ॥

ঈশ্বরী কমলা লক্ষ্মীশ্চলা ভূতির্হরিপ্রিয়া।
পদ্মা পদ্মালয়া সম্পৎপ্রদা শ্রীঃ পদ্মধারিণী ॥

দ্বাদশৈতানি নামানি লক্ষ্মীং সম্পূজ্য যঃ পঠেৎ।
স্থিরা লক্ষ্মীর্ভবেত্তস্য পুত্রদারাদিভিঃ সহ ॥

অর্থ: হে দেবী! ত্রৈলোক্য বা তিন লোকেই তুমি পূজিতা, তুমি কমলে (পদ্মে) অবস্থান কর এবং বিষ্ণুর অত্যন্ত প্রিয়তমা (বিষ্ণুবল্লভে)। হে কৃষ্ণে! তুমি যেভাবে বিষ্ণুর হৃদয়ে বা পদ্মাসনে সুস্থিরা ও অচলা হয়ে থাকো, আমার ঘরেও ঠিক তেমনি সর্বদা অচলা হয়ে অবস্থান করো (স্থিরা থেকো)।
ঈশ্বরী, কমলা, লক্ষ্মী, চলা, ভূতি, হরিপ্রিয়া, পদ্মা, পদ্মালয়া, সম্পৎপ্রদা, শ্রী এবং পদ্মধারিণী—মা লক্ষ্মীর এই বারোটি নাম যিনি লক্ষ্মীপূজার পর ভক্তিভরে পাঠ করেন, তাঁর গৃহে দেবী লক্ষ্মী সর্বদা স্থির বা অচলা হয়ে বাস করেন। শুধু তা-ই নয়, তাঁর পরিবারে পুত্র-পরিজন ও সন্ততিসহ সমস্ত সুখ-সমৃদ্ধি চিরস্থায়ী হয়।

শ্রী শ্রী লক্ষ্মীর আহ্বান মন্ত্র

পদ্মাননে পদ্মিনী পদ্মপত্রে পদ্মপ্রিয়ে
পদ্মদলায়তাক্ষি বিশ্বপ্রিয়ে বিশ্বমনোনুকূলে
ত্বত্পাদপদম্ ময়ি সন্নিধস্ব।।
ওম হিরন্য বর্ণা হরিণীং সুবর্ণরজস্ত্রাম
চন্দ্রা হিরণ্যময়ী লক্ষ্মী জাত বেদো ম্আবহ।
তামং আবহ জাত বেদো
লক্ষ্মী মনপগামিনীম্
যস্যা হিরণ্যং বিদয়েং গামশ্বং পুরুষানহম্
অশ্বপূর্বা রথমধ্যাং
হস্তিনাদ প্রমোদিনীম্
শ্রিয়ং দেবী মুপব্হয়েং
শ্রীর্মা দেবী জষুতাম।।

অর্থ: হে পদ্মের মতো মুখমণ্ডলের অধিকারিণী (পদ্মাননে), হে পদ্মিনী, পদ্মপত্রে শায়িত এবং পদ্মফুল যাঁর অত্যন্ত প্রিয় (পদ্মপ্রিয়ে), হে পদ্মপাতার মতো আয়ত ও সুন্দর চোখের অধিকারিণী (পদ্মদলায়তাক্ষি), হে সমস্ত বিশ্বের প্রিয়তমা এবং সকলের মন ও প্রাণের অনুকূলে অবস্থানকারিণী! তোমার সেই যুগল পদ্মচরণ আমার হৃদয়ে বা সান্নিগ্যে স্থাপন করো, অর্থাৎ চিরতরে আমার ঘরে তোমার কৃপাদৃষ্টি রাখো।

হে অগ্নিদেব (জাতবেদো)! যিনি স্বর্ণের মতো দীপ্তিময়ী (হিরণ্যবর্ণা), হরিণীর মতো কমনীয় ও চঞ্চল গতির অধিকারী, যিনি সোনা ও রূপার মালায় শোভিতা, পূর্ণচন্দ্রের মতো কান্তিযুক্তা এবং স্বর্ণময়ী—সেই লক্ষ্মীদেবীকে আমার নিকট বা আমার ঘরে আহ্বান করো।

হে অগ্নিদেব! তুমি এমন লক্ষ্মীদেবীকে আমার ঘরে ডেকে আনো, যিনি কখনও আমার নিকট থেকে চলে যান না (অনপগামিনী বা অচলা)। যাঁর কৃপায় আমি সোনা-রুপা, গোরু, ঘোড়া এবং সৌভাগ্যবান বা গুণবান পরিবার-পরিজন লাভ করতে পারি।

যাঁর আগমনীর পূর্বে অশ্ব এবং মাঝে রথ শোভা পায়, যিনি হাতির আনন্দধ্বনি ও গর্জনে প্রমোদিতা বা আনন্দিত হন—সেই শ্রিদেবীকে (লক্ষ্মীদেবীকে) আমি আহ্বান করি। মা লক্ষ্মী দেবী কৃপা করে আমার এই পূজা ও আবাহন গ্রহণ করুন।


শী শ্রী লক্ষ্মী দেবীর পাঁচালি

শরৎ পূর্ণিমার নিশি নিৰ্ম্মল আকাশ।(কোজাগরী লক্ষ্মী পূজা) / দোল পূর্ণিমার নিশি নিৰ্ম্মল আকাশ। (দোল পূর্ণিমার লক্ষ্মী পূজা)
মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস ॥১॥

লক্ষ্মীদেবী বামে করি বসি নারায়ণ।
করিছেন নানা কথা সুখে আলাপন ॥২॥

হেনকালে বীণা করে এলো মুনিবর।
উপনীত হৈলা আসি বৈকুন্ঠ নগর ॥৩॥

ধীরে ধীরে যুগলেতে করিয়া প্রণতি।
কহিলা নারদ মুনি লক্ষ্মীদেবী প্রতি ॥৪॥

কি কারণে আজি হেথা লক্ষ্মী জিজ্ঞাসিলা।
পদে নতি পুনরায় ঋষি নিবেদিলা ॥৫॥

কেন মাগো নর-প্রতি তব অবিচার।
চঞ্চলা চপলা প্রায় ফেরো দ্বারে দ্বার ॥৬॥

ক্ষণকাল তরে তব নাহি কোথা স্থিতি।
সেই হেতু নর-নারী ভোগয়ে দুর্গতি ॥৭॥

সতত কুক্রিয়া রত নর-নারীগণ।
অসহ্য যাতনা পায় দেখি অনুক্ষণ ॥৮॥

অন্নাভাবে শীর্ণকায় বলহীন দেহ।
সেই কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ ॥৯॥

কেহ প্রিয় প্রাণাধিক পুত্র-কন্যাগণে।
করিতেছে পরিত্যাগ অন্নের কারণে ॥১০॥

বলো দেবী, প্রকাশিয়া কি পাপের ফলে।
ভীষণ দুর্ভিক্ষে সদা মর্ত্যবাসী জ্বলে ॥১১॥

এতেক শুনিয়া লক্ষ্মী দুঃখিত অন্তরে।
কহিলেন অতঃপর ক্ষুণ্ণ মনিবরে ॥১২॥

মর্ত্যবাসী দুঃখ পায় শোকের বিষয়।
দৃষ্কৃতির ফল উহা জানিবে নিশ্চয় ॥১৩॥

চঞ্চলা আমায় বলে কিসের লাগিয়া।
ইহার কারণ তবে শুন মন দিয়া ॥১৪॥

শাস্ত্র নাহি মানে দেখ যত নারী নর।
অশাস্ত্রকে শাস্ত্রজ্ঞান করে নিরন্তর ॥১৫॥

অনাচারে ভরাইল সকল সংসার।
অপবিত্র স্থানে থাকা দুষ্কর আমার ॥১৬॥

নিজধর্ম নিজশিক্ষা দিয়া বিসর্জন।
পরধর্ম পরশিক্ষা করিছে অর্জন ॥১৭॥

দিবা-নিদ্রা অনাচার ক্রোধ-অহঙ্কার।
আলস্য কলহ মিথ্যা ঘিরিছে সংসার ॥১৮॥

উচ্চহাসি কটুকথা কহে নারীগণ।
সন্ধ্যাকালে নিদ্রা যায় হয়ে অচেতন ॥১৯॥

রমণীভূষণ লজ্জা দিয়া বিসর্জন।
যথায় তথায় করে স্বেচ্ছায় গমন ॥২০॥

নাহি দেয় ধূপ-দীপ প্রতি সন্ধ্যাকালে।
সতীর সিন্দুর শোভা, নাহি পরে ভালে ॥২১॥

প্রভাতে দেয় না গোময়ের ছড়া।
ঘৃণা নাহি করে তারা এড়া বস্ত্র পরা ॥২২॥

লক্ষ্মী-স্বরূপিণী নারী করিয়া সৃজন।
পাঠায়েছি মর্ত্যলোকে সুখের কারণ ॥২৩॥

ক্ষণিকের সুখে তারা ভুলিয়া আমায়।
অকার্য্যে কু-কার্য্যে এবে সংসার মজায় ॥২৪॥

শ্বশুর-শাশুড়ী প্রতি নহে ভক্তিমতী।
কটুবাক্য কহে সদা তাঁহাদেরি প্রতি ॥২৫॥

পতির আত্মীয়গণে না করে আদর।
থাকিতে চাহয়ে সদা হ’য়ে স্বতন্তর ॥২৬॥

লজ্জা আদি গুণ যত রমণী-ভূষণ।
একে একে সব তারা করিছে বর্জন ॥২৭॥

অতিথি দেখিলে তারা রুষ্ট হয় মনে।
পতির অগ্রেতে খায় যত নারীগণে ॥২৮॥

স্বামীরে করয়ে না শুনে বচন।
ছাড়িয়াছে গৃহধর্ম ছেড়েছে রন্ধন ॥২৯॥

নারী সঙ্গে নরগণ সময় কাটায়।
মিথ্যা ছাড়া সত্যকথা কভু নাহি কয় ॥৩০॥

সতত উহারা মোরে করে জ্বালাতন।
চঞ্চলার প্রায় ফিরি তাই সে কারণ ॥৩১॥

ঈর্ষা-দ্বেষ হিংসাপূর্ণ তাদের হৃদয়।
পরশ্রীকাতর চিত্ত কুটিলতাময় ॥৩২॥

দেব-দ্বিজে ভক্তিহীন তুচ্ছ গুরুজন।
সদাই আপন সুখ করে অন্বেষণ ॥৩৩॥

রসনা তৃপ্তির লাগি অখাদ্য ভোজন।
তারি ফলে দেখ ঋষি কুষ্ঠে আক্রমণ ॥৩৪॥

প্রতি এইরূপ পাপের আগার।
অচলা হইয়া বল থাকি কি প্রকার ॥৩৫॥

তেয়াগি এসব দোষ হ’লে সদাচারী।
নিশ্চলা হইয়া থাকি আমি বিভাবরী ॥৩৬॥

এত শুনি মুনিবর ক্ষুণ্ণ মনে।
কেমনে প্রসন্না মাতা হবে নরগণে ॥৩৭॥

কেমনে পাইবে নারী তব পদছায়া।
ওগো দয়াময়ি তুমি না করিলে দয়া ॥৩৮॥

সৃষ্টি স্থিতি প্রলয়ের তুমি অধিকারী।
জগৎ-প্রসূতি তুমি জগৎ-ঈশ্বরী ॥৩৯॥

কহ মাতঃ কৃপা করি ইহার বিধান।
মানবের দুঃখ হেরি কাঁদে মোর প্রাণ ॥৪০॥

নারদের বাক্যে লক্ষ্মীর দয়া উপজিল।
মধুর বচনে তাঁরে বিদায় করিল ॥৪১॥

নর নারী দুঃখ হেরি কাঁদিছে অন্তর।
প্রতিকার আমি বাছা করিব সত্বর ॥৪২॥

অতঃপর লক্ষ্মীদেবী ভাবে মনে মনে।
জগতের দুঃখনাশ করিব কেমনে ॥৪৩॥

কেমনে তাদের দুঃখ করিব মোচন।
উপদেশ দেহ, মোরে প্রভু নারায়ণ ॥৪৪॥

শুনিয়া লক্ষ্মীর বাণী কহে লক্ষ্মীপতি।
উতলা কি হেতু প্রিয়ে স্থির কর মতি ॥৪৫॥

মন দিয়া শুন সতী আমার বচন।
লক্ষ্মীব্রত নরলোকে কর প্রচারণ ॥৪৬॥

প্রতি গুরুবারে মিলি যত নারীগণে।
পূজিয়া শুনিবে কথা ভক্তিযুক্ত মনে ॥৪৭॥

বাড়িবে ঐশ্বর্য তাহে তোমার কৃপায়।
সর্ব্ব দুঃখ দূরে যাবে জানিবে নিশ্চয় ॥৪৮॥

নারায়ণ বাক্যে অতি হৃষ্ট মনে।
গমন করিলা মর্তে ব্রত প্রচারণে ॥৪৯॥

অবন্তী নগরে গিয়া হৈল উপনীত।
দেখিয়া হইল লক্ষ্মী বড়ই স্তম্ভিত ॥৫০॥

নগরের অধিপতি ধনেশ্বর রায়।
অপার ঐশ্বর্য তাঁর কুবেরের প্রায় ॥৫১॥

সোনার সংসার তাঁর শূণ্য হিংসা দ্বেষ।
পালিত সবারে সদা পাত্র নির্ব্বিশেষ ॥৫২॥

এক অন্নে সাত পুত্র রাখি ধনেশ্বর।
সসম্মানে যথাকালে গেলা লোকান্তর ॥৫৩॥

ভাৰ্য্যার কুহক-জালে সপ্ত সহোদর।
পৃথক হইলা সবে কিছু দিন পর ॥৫৪॥

হিংসা-দ্বেষ অলক্ষ্মীর যত সহচর।
একে একে সবে আসি প্রবেশিল ঘর ॥৫৫॥

এ সকল দোষ হেরি কুপিত অন্তরে।
লক্ষ্মীদেবী সেই গৃহ ত্যাজিলা সত্বরে ॥৫৬॥

বৃদ্ধা ধনেশ্বরী পত্নী নিজ ভাগ্যদোষে।
না পারি তিষ্ঠিতে আর বধূদের রোষে ॥৫৭॥

চলিলা বনেতে বৃদ্ধা ত্যজিতে জীবন।
অদৃষ্টের ফলে হয় এ হেন ঘটন ॥৫৮॥

অন্নাভাবে জীর্ণকায় মলিন বসন।
চলিতে শক্তি নাহি করিছে রোদন ॥৫৯॥

হেনকালে বৃদ্ধাবেশে দেবী নারায়ণী।
উপনীত পথিমধ্যে হইলা আপনি ॥৬০॥

সদয় হৃদয়া লক্ষ্মী জিজ্ঞাসে বৃদ্ধারে।
কি জন্য এসেছ তুমি এ ঘোর কান্তারে ॥৬১॥

কাহার তনয়া তুমি, কাহার ঘরণী।
কি হেতু মলিন মুখ কহ গো বাছনী ॥৬২॥

বৃদ্ধা বলে শোন মাতঃ! আমার কাহিনী।
পতিহীনা আমি এক মন্দ কপালিনী ॥৬৩॥

পিতা পতি ছিল মোর অতি ধনবান।
সর্বদা আমার গৃহে লক্ষ্মী-অধিষ্ঠান ॥৬৪॥

সোনার সংসার মোর ছিল ধনে জনে।
পুত্র, পুত্রবধূগণ সেবিত যতনে ॥৬৫॥

হইলে কাল সুখ-শান্তি যত।
গৃহ হ’তে ক্রমে ক্রমে হ’ল তিরোহিত ॥৬৬॥

সাতপুত্র সাতহাঁড়ি হ’য়েছে এখন।
সতত বধূরা মোর করে জ্বালাতন ॥৬৭॥

সহিতে না পারি আর তাদের তাড়না।
ত্যজিতে জীবন আমি করেছি বাসনা ॥৬৮॥

নারায়ণী বলে, শুন আমার বচন।
আত্মহত্যা মহাপাপ নরকে গমন ॥৬৯॥

যাও সতী, গৃহে ফিরে কর লক্ষ্মীব্রত।
অচিরে হইবে সুখ তব পূর্ব্বমত ॥৭০॥

গুরুবারে সন্ধ্যাকালে ল’য়ে বধূগণে।
করিবে লক্ষ্মীর ব্রত হ’য়ে একমনে ॥৭১॥

জলপূর্ণ ঘটে দিবে সিন্দুরের ফোঁটা।
আম্রের পল্লব দিবে তাহে এক গোটা ॥৭২॥

আসন সাজায়ে তাহে দিবে গুয়াপান।
সিন্দুর গুলিয়া দিবে ব্রতের বিধান ॥৭৩॥

ধূপ দীপ জ্বালাইয়া রাখিবে বামেতে।
শুনিতে বসিবে কথা দূর্ব্বা ল’য়ে হাতে ॥৭৪॥

মনেতে লক্ষ্মীর মূর্ত্তি করিয়া চিন্তন।
একমনে ব্রতকথা করিবে শ্রবণ ॥৭৫॥

কথা শেষে উলু দিয়া প্রণাম করিবে।
ভক্তিভরে এয়োগণে সিন্দুর পরাবে ॥৭৬॥

যে রমণী পূজা করে প্রতি গুরুবারে।
হইবে বিশুদ্ধমনা লক্ষ্মীদেবী বরে ॥৭৭॥

যেই গৃহে ব্রতকথা হয় বারোমাস।
সতত তাহার গৃহে করি যে নিবাস ॥৭৮॥

তারি গৃহে বাঁধা রব হইয়া অচলা।
পূর্ণ করি ভক্তবাঞ্ছা আমি যে কমলা ॥৭৯॥

গুরুবারে যদি হয় পূর্ণিমা উদিত।
যেবা নারী অনাহারে করে এই ব্রত ॥৮০॥

সকল বাসনা তার পূরণ হইবে।
পতি পুত্র ল’য়ে সুখে বারোমাস রবে ॥৮১॥

লক্ষ্মীর ভান্ডার যেবা স্থাপি নিজ ঘরে।
রাখিবে তন্ডুল তাহে এক মুঠা করে ॥৮২॥

সঞ্চয়ের পথ উহা জানিবে নিশ্চয়।
এর ফলে উপকার পাবে অসময় ॥৮৩॥

ছাড়ি অলসতা সূতা কাটিবে যতনে।
অন্ন-বস্ত্র কষ্ট যাবে মহাত্ম্য বচনে ॥৮৪॥

প্রসন্ন থাকিব আমি কহিলাম সার।
যাও গৃহে কর মাতা ব্রতের প্রচার ॥৮৫॥

এতেক কহিয়া লক্ষ্মী নিজ মূর্তি ধরি।
দিলা দরশন বৃদ্ধে দেবী কৃপা করি ॥৮৬॥

দেখিয়া হইলা বৃদ্ধা আনন্দে বিভোর।
প্রণাম করিলা সতী জুড়ি দুই কর ॥৮৭॥

প্রসন্ন হইয়া লক্ষ্মী দিলা তারে কোল।
শুধালেন আরো কত বলি মিষ্ট বোল ॥৮৮॥

লক্ষ্মী কহে ব্রত মোর কর সংসারে প্রচার।
অচিরে হইবে তব বৈভব অপার ॥৮৯॥

পুত্র, বধূগণ বশে থাকিবে তোমার।
পূর্ব্ববৎ শান্তিময় হইবে সংসার ॥৯০॥

এত কহি লক্ষ্মীদেবী হৈলা অদর্শন।
হৃষ্টচিত্তে বৃদ্ধা গৃহে করিলা গমন ॥৯১॥

আসিয়া বধূগণে বৃদ্ধা করিল বর্ণন।
যেরূপ ঘটিল বলে লক্ষ্মী দরশন ॥৯২॥

ব্রতের বিধান বৃদ্ধা বলিলা সবারে।
যে-সকল কথা লক্ষ্মী কহিলা তাহারে ॥৯৩॥

মিলি সব বধূগণ করে লক্ষ্মীব্রত।
হিংসা দ্বেষ স্বার্থভাব হৈল বিদুরিত ॥৯৪॥

ব্রতের ফলেতে মিলে সপ্ত সহোদর।
দূরে গেল দুঃখ কষ্ট, ঐশ্বর্য বিস্তর ॥৯৫॥

‘মা লক্ষ্মী’ করিলা তথা পুনরাগমন।
হইল গৃহ শান্তি নিকেতন ॥৯৬॥

দৈবযোগে একদিন সাধুর আলয়ে।
উপনীত এক নারী ব্রতের সময়ে ॥৯৭॥

ব্রতকথা শুনি তার ভক্তি উপজিল।
মনে মনে লক্ষ্মীব্রত মানস করিল ॥৯৮॥

পতি তার কুষ্টগ্রস্ত অক্ষম অর্জনে।
ভিক্ষা করি যাহা পায় খায় দুইজনে ॥৯৯॥

তাই নারী মনে মনে করিলা বাসনা।
পতিরে নীরোগ কর চরণে কামনা ॥১০০॥

গৃহে গিয়া সেই নারী করে লক্ষ্মীব্রত।
ভক্তিমনে এয়ো লৈয়া পূজে বিধিমত ॥১০১॥

দেবীর কৃপায় তার দুঃখ হৈল দূর।
পতি হৈল সুস্থ দেহ, ঐশ্বর্য প্রচুর ॥১০২॥

কালক্রমে শুভদিনে জন্মিল তনয়।
হইল সংসার তার সুখের আলয় ॥১০৩॥

এইরূপে লক্ষ্মীব্রত প্রতি ঘরে ঘরে।
ক্রমে প্রচারিত হৈল অবন্তী নগরে ॥১০৪॥

অবশেষে শুন এক অপূর্ব ব্যপার।
ব্রতের মাহাত্ম্য হৈল যেভাবে প্রচার ॥১০৫॥

একদিন গুরুবারে অবন্তী নগরে।
নারীগণ মিলি যত লক্ষ্মীব্রত করে ॥১০৬॥

শ্রীনগরবাসী এক বণিক তনয়।
দৈবযোগে সেই স্থানে উপনীত হয় ॥১০৭॥

অনেক সম্পত্তি তার ভাই পঞ্চ জন।
পরস্পর অনুগত রয় সর্বক্ষণ ॥১০৮॥

ব্রতের নিয়ম দেখি সাধুর তনয়।
বলে একি ব্রত, ইতে কিবা ফলোদয় ॥১০৯॥

সদাগর বাক্য শুনি বলে ব্রতীগণ।
করি লক্ষ্মীব্রত, যাতে মানস পূরণ ॥১১০॥

মন প্রাণ দিয়া যেবা করিবে পূজন।
সকল মনের আশা হইবে পূরণ ॥১১১॥

ইহা শুনি সদাগর বলে অহঙ্কারে।
যেজন অভাবে থাকে, সে পূজে উহারে ॥১১২॥

ধনজন সুখভোগ যা কিছু সম্ভবে।
সকল আমার আছে আর কিবা হবে ॥১১৩॥

কপালে না থাকে যদি লক্ষ্মী দিবে ধন।
হেন বাক্য কভু আমি না শুনি কখন ॥১১৪॥

গর্বিত বচন লক্ষ্মী সহিতে না পারে।
সেই দোষে লক্ষ্মীদেবী ছাড়িলা তাহারে ॥১১৫॥

এতেক কহিয়া বাণী লক্ষ্মী করি হেলা।
নানাদ্রব্যে পূর্ণতরী বাণিজ্যেতে গেলা ॥১১৬॥

দৈবযোগে লক্ষ্মী কোপে সেই সাধুজন।
তরীসহ জলমধ্যে হইলা মগন ॥১১৭॥

ইষ্টক আলয় আদি যাহা ছিল তার।
বজ্রাঘাতে দগ্ধ হয়ে হৈল ছারখার ॥১১৮॥

দূরে গেল ভ্রাতৃভাব হৈল ভিন্ন ভিন্ন।
সোনার সংসার তার হইল বিপন্ন ॥১১৯॥

ভিক্ষাজীবি হ’য়ে সবে ফিরে দ্বারে দ্বারে।
জঠর জ্বালায় গেলা দেশ-দেশান্তরে ॥১২০॥

পড়িয়া বিপাকে এবে সাধু মহাশয়।
দু’নয়নে অশ্রু ঝরে করে হায় হায় ॥১২১॥

কিবা দোষ দেখি বিধি করিলে এমন।
অধম সন্তান আমি অতি অভাজন ॥১২২॥

সাধুর দুর্দশা হেরি দয়া উপজিল।
করুণা হৃদয়া লক্ষ্মী সকলি ভুলিল ॥১২৩॥

দুঃখদূর তরে তারে করিয়া কৌশল।
পাঠায় অবন্তী ধামে করি ভিক্ষা ছল ॥১২৪॥

নানাদেশ ঘুরাইয়া আনি তারপর।
উপনীত করাইল অবন্তী নগরে ॥১২৫॥

হেরি তথা লক্ষ্মীব্রত করে নারীগণ।
স্মরণ হইল তার পূর্ব বিবরণ ॥১২৬॥

বুঝিল তখন কেন পড়িলা বিপাকে।
অহঙ্কার দোষে লক্ষ্মী ত্যজিলেন মোকে ॥১২৭॥

জোড়করে ভক্তিভরে হয়ে একমন।
করিছে লক্ষ্মীর স্তুতি সাধুর নন্দন ॥১২৮॥

ক্ষম মাতঃ এ দাসের যত অপরাধ।
তোমা হেলি মোর ঘটে ঘোর পরমাদ ॥১২৯॥

অজ্ঞান অধম আমি কর মোরে দয়া।
পড়িনু বিপাকে মাতঃ দেহ পদছায়া ॥১৩০॥

শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠতরা পরমা প্রকৃতি।
কোপাদি বর্জ্জিতা তুমি মূর্তিমতী সতী ॥১৩১॥

সতীসাধ্বী রমণীর তুমি মা উপমা।
ভক্তিভরে দেবগণ সদা পূজে তোমা ॥১৩২॥

সুর-নর সকলেরই সম্পদরূপিণী।
জগৎ ঈশ্বরী তুমি ঐশ্বর্য্য দায়িনী ॥১৩৩॥

রাস-অধিষ্ঠাত্রী দেবী তুমি রাসেশ্বরী।
সকলেই তব অংশ যত আছে নারী ॥১৩৪॥

গোলোকে কমলা তুমি মাধবমোহিনী।
ক্ষীরোদ-সাগরে তুমি ক্ষীরোদনন্দিনী ॥১৩৫॥

মহালক্ষ্মী তুমি মাগো, ত্রিদিব মন্ডলে।
গৃহলক্ষ্মীরূপে তুমি বিরাজ ভূতলে ॥১৩৬॥

তুমি গো তুলসী, গঙ্গা পতিতপাবনী।
সাবিত্রী বিরিঞ্চিপুরে বেদের জননী ॥১৩৭॥

কৃষ্ণ প্রাণেশ্বরী তুমি কৃষ্ণ প্রাণাধিকা।
তুমি আপনি ছিলে দ্বাপরে রাধিকা ॥১৩৮॥

বৃন্দাবন মাঝে তুমি বৃন্দা গোপনারী।
নন্দালয়ে ছিলে তুমি হ’য়ে গোপেশ্বরী ॥১৩৯॥

বিরাজ চম্পক বনে চম্পক ঈশ্বরী।
শতশৃঙ্গ শৈলে তুমি শোভিতা সুন্দরী ॥১৪০॥

বিকশিত পদ্মবনে তুমি পদ্মাবতী।
মালতী-কুসুমকুঞ্জে তুমি মা মালতী ॥১৪১॥

কুন্দদন্ত নাম ধর তুমি কুন্দবনে।
তুমি গো সুশীলা সতী কেতকী কাননে ॥১৪২॥

তুমি মা কদম্ব মালী কদম্ব কাননে।
বন অধিষ্ঠাত্রী দেবী তুমি বনে বনে ॥১৪৩॥

রাজলক্ষ্মী তুমি মা রহ ঘরে ঘরে।
সকলের গৃহলক্ষ্মী তুমি মা রহ ঘরে ঘরে ॥১৪৪॥

দীনজনে রাজ্য পায় তব কৃপাবলে।
দয়া কর এবে মোরে, ওগো ‘মা’ কমলে ॥১৪৫॥

দয়াময়ী ক্ষেমঙ্করী অধমতারিণী।
অপরাধ ক্ষমা কর দারিদ্রনাশিনী ॥১৪৬॥

অন্নদা বরদা মাতঃ বিপদ নাশিনী।
দয়া কর এবে মোরে মাধব-ঘরণী ॥১৪৭॥

এইরূপে স্তব করি ভক্তিযুক্ত মনে।
একাগ্র হৈয়া সাধু প্রণমে সেস্থানে ॥১৪৮॥

ব্রত অন্তে সাধুবর করিলা প্রণাম।
ব্রতের সঙ্কল্প করি আসে নিজধাম ॥১৪৯॥

বলে সাধু গৃহিণীরে লক্ষ্মীব্রত সার।
সবে মিলি কর ইহা প্রতি গুরুবার ॥১৫০॥

সাধুর বাক্যেতে তুষ্টা হ’য়ে বধূগণ।
ভক্তি মনে করে তারা ব্রত আচরণ ॥১৫১॥

ভক্তাধীনা নারায়ণী হইয়া সদয়।
নাশিলা সাধুর ছিল যত বিঘ্নভয় ॥১৫২॥

দেবীর কৃপায় পুনঃ হয় ধনজন।
দরিদ্রতা দূরে গিয়া নিরাপদ হন ॥১৫৩॥

সপ্ত তরী উঠে ভাসি জলের উপর।
আনন্দে পূর্ণিত হ’ল সাধুর অন্তর ॥১৫৪॥

মিলিল ভ্রাতারা পুনঃ আর বধূগণ।
সাধুর সংসার হ’ল শান্তি নিকেতন ॥১৫৫॥

এইরূপে মর্তলোকে ব্রতের প্রচার।
মনে রেখো পৃথিবীতে লক্ষ্মীব্রত সার ॥১৫৬॥

এই ব্রত যে রমণী করে একমনে।
লক্ষ্মীর কৃপায় তেই বাড়ে ধনে জনে ॥১৫৭॥

অপুত্রের পুত্র হয় নির্ধনের ধন।
ইহলোকে সুখ, অন্তে বৈকুন্ঠ গমন ॥১৫৮॥

লক্ষ্মীর ব্রতের কথা বড়ই মধুর।
যাহার প্রভাবে সব দুঃখ হয় দূর ॥১৫৯॥

যেবা পড়ে, যেবা শুনে, যেবা রাখে ঘরে।
লক্ষ্মীর বরেতে তার মনোবাঞ্ছা পুরে ॥১৬০॥

ব্রত করি স্তব পাঠ যেই জন করে।
অভাব রহে না তার লক্ষ্মীদেবী বরে ॥১৬১॥

লক্ষ্মীর ব্রতের কথাহৈল সমাপন।
ভক্তিভরে বর যাচ যাহা লয় মন ॥১৬২॥

সিঁথির সিন্দুর দাও সব এয়ো মিলে।
এ হুলুধ্বনি দাও সবে অন্য কথা ভুলে ॥১৬৩॥

লক্ষ্মীর ব্রতের কথা বড় মধুময়।
প্রণাম করিয়া যাও যে যার আলয় ॥১৬৪॥

জোড় করি দুই হাত ভক্তিযুক্তমনে।
প্রণাম করহ এবে যে থাকে যেখানে ॥১৬৫॥

প্রণমামি লক্ষ্মীদেবী বিষ্ণুর ঘরণী।
ক্ষীরোদসম্ভবা দেবী জগৎপালিনী ॥১৬৬॥

অগতির গতি মাতঃ তুমি নারায়ণী।
দয়াময়ী জগন্মাতা বিপদনাশিনী ॥১৬৭॥

ভকত-বৎসলা দেবী সত্যস্বরূপিণী।
হরিপ্রিয়ে পদ্মাসনে ভূ-ভার-হারিণী ॥১৬৮॥

চঞ্চলা কমলা মাগো ত্রিলোক তারিণী।
প্রণমামি কৃপাময়ী মাধব-রঞ্জিনী ॥১৬৯॥

ভবারাধ্যা তুমি মাতঃ দারিদ্রনাশিনী।
কৃপা কর নিবারণে ত্রিতাপহারিণী ॥১৭০॥

শ্রী শ্রী লক্ষ্মী দেবীর বরণ

তুমি মাগো লক্ষ্মীদেবী কমল বরণী।
কমললতিকা কৃপা কর নারায়ণী।।
সাজায়ে রেখেছি মাগো ধান্য-গুয়া-পান।
আসিয়া মাগো কর ঘটেতে অধিষ্ঠান।।
ঘরেতে ধূপ ধূনা আর ঘৃতবাতি।
হৃদয় কমলে ওমা করহ বসতি।।
পদ্মাসনে পদ্মদল রাখি থরে থরে।
শঙ্খ বাদ্যে বরণ করি তোমা ছরে।।
সবে করি লক্ষ্মীপূজা অতি সযতনে।
আশিস করহ মাতঃ আমা সব জনে।।

শ্রী শ্রী লক্ষ্মীদেবীর বারমাসি পাঁচালী

বছরে বৈশাখ মাস প্রথম যে হয়।
পূজা নিতে এস গো মা আমার আলয়ে।।
জৈষ্ঠ্য মাসে ষষ্ঠী পূজা হয় ঘরে ঘরে।
কৃপা করি এস ওমা পূজা যে বা করে।।
আষাঢ়ে আসিতে মাগো নাহি কর দেরী।
পূজা হেতু রাখি মোরা ধান্য-দূর্বা ধরি।।
শ্রাবণের ধারা দেখ চারিধারে পড়ে।
পূজিবারে শ্রীচরণ ভেবেছি অন্তরে।।

ভাদরের ভরা নদী কূল বয়ে যায়।
কৃপা করে এস গো মা যত শীঘ্র হয়।।
আশ্বিনে অম্বিকা সাথে পূজা আয়োজন।
কোজাগরী রাতে পুনঃ করিব পূজন।।
কার্তিকে কেতকী ফুল চারিধারে ফোটে।
বসো এসে মাগো মোর পাতা এ ঘটে।।
অঘ্রাণে আমন ধান্যে মাঠ গেছে ভরে।
লক্ষ্মীপূজা করি মোরা অতি যত্ন করে।।
পৌষ পার্বণে মা গো যে মনের সাধেতে।
প্রতি ঘরে লক্ষ্মী পূজি নবান্ন দানেতে।।
মাঘমাসে মহালক্ষ্মী মহলে রহিবে।
নতুন ধান্য দিয়া পূজা করি মোরা সবে।।
ফাল্গুনে ফাগের খেলা চারিধারে হয়।
এস গো মা বিষ্ণুজায়া পূজিব তোমায়।।
চৈত্রেতে চাতকসম চাহি তব পানে।
এস ওমা পদ্মালয়া অধিনী ভবনে।।
লক্ষ্মীদেবী বারমাসি হৈল সমাপন।
দীন ভক্তজন দুঃখ কর নিবারণ।।
কাতরে ডাকিছে যত ভক্ত সন্তান।
ভক্তজন মাতা হয়ে করহ কল্যাণ।।

বৃহস্পতিবারের ব্রতকথা

শরৎ পূর্ণিমার নিশি নির্মল গগন।
মন্দ মন্দ বহিতেছে মলয় পবন।।
লক্ষ্মীদেবী বামে করি বসি নারায়ণ।
বৈকুন্ঠধামেতে বসি করে আলাপন।।
হেনকালে বীণা হাতে আসি মুনিবর।
হরিগুণগানে মত্ত হইয়া বিভোর।।
গান সম্বরিয়া উভে বন্দনা করিল।
বসিতে আসন তারে নারায়ণ দিল।।
মধুর বচনে লক্ষ্মী জিজ্ঞাসিল তায়।
কিবা মনে করি মুনি আসিলে হেথায়।।
কহে মুনি তুমি চিন্ত জগতের হিত।
সবার অবস্থা আছে তোমার বিদিত।।
সুখেতে আছয়ে যত মর্ত্যবাসীগণ।
বিস্তারিয়া মোর কাছে করহ বর্ণন।।
লক্ষ্মীমার হেন কথা শুনি মুনিবর।
কহিতে লাগিলা তারে জুড়ি দুই কর।।

অপার করুণা তোমার আমি ভাগ্যবান।
মর্ত্যলোকে নাহি দেখি কাহার কল্যাণ।।
সেথায় নাই মা আর সুখ শান্তি লেশ।
দুর্ভিক্ষ অনলে মাগো পুড়িতেছে দেশ।।
রোগ-শোক নানা ব্যাধি কলিতে সবায়।
ভুগিতেছে সকলেতে করে হায় হায়।।
অন্ন-বস্ত্র অভাবেতে আত্মহত্যা করে।
স্ত্রী-পুত্র ত্যাজি সবাই যায় দেশান্তরে।।
স্ত্রী-পুরুষ সবে করে ধর্ম পরিহার।
সদা চুরি প্রবঞ্চনা মিথ্যা অনাচার।।
তুমি মাগো জগতের সর্বহিতকারী।
সুখ-শান্তি সম্পত্তির তুমি অধিকারী।।
স্থির হয়ে রহ যদি প্রতি ঘরে ঘরে।
তবে কি জীবের এত দুঃখ হতে পারে?
নারদের বাক্য শুনি লক্ষ্মী বিষাদিতা।
কহিলেন মুনি প্রতি দোষ দাও বৃথা।।
নিজ কর্মফলে সবে করে দুঃখভোগ।
অকারণে মোর প্রতি কর অনুযোগ।।
শুন হে নারদ বলি যথার্থ তোমায়।
মম অংশে জন্ম লয় নারী সমুদয়।।

তারা যদি নিজ ধর্ম রক্ষা নাহি করে।
তবে কি অশান্তি হয় প্রতি ঘরে ঘরে।।
লক্ষ্মীর বচন শুনি মুনি কহে ক্ষুণ্ন মনে।
কেমনে প্রসন্ন মাতা হবে নারীগণে।।
কিভাবেতে পাবে তারা তব পদছায়া।
দয়াময়ী তুমি মাগো না করিলে দয়া।।
মুনির বাক্যে লক্ষ্মীর দয়া উপজিল।
মধুর বচনে তারে বিদায় করিল।।
নারীদের সর্বদুঃখ যে প্রকারে যায়।
কহ তুমি নারায়ণ তাহার উপায়।।
শুনিয়া লক্ষ্মীর বচন কহে লক্ষ্মীপতি।
কি হেতু উতলা প্রিয়ে স্থির কর মতি।।
প্রতি গুরুবারে মিলি যত বামাগণে।
করিবে তোমার ব্রত ভক্তিযুক্ত মনে।।
নারায়ণের বাক্যে লক্ষ্মী অতি হৃষ্টমন।
ব্রত প্রচারিতে মর্ত্যে করিল গমন।।
মর্ত্যে আসি ছদ্মবেশে ভ্রমে নারায়ণী।
দেখিলেন বনমধ্যে বৃদ্ধা এক বসিয়া আপনি।।
সদয় হইয়া লক্ষ্মী জিজ্ঞাসিল তারে।
কহ মাগো কি হেতু এ ঘোর কান্তারে।।
বৃদ্ধা কহে শোন মাতা আমি অভাগিনী।
কহিল সে লক্ষ্মী প্রতি আপন কাহিনী।।
পতি-পুত্র ছিল মোর লক্ষ্মীযুক্ত ঘর।
এখন সব ছিন্নভিন্ন যাতনাই সার।।

যাতনা সহিতে নারি এসেছি কানন।
ত্যাজিব জীবন আজি করেছি মনন।।
নারায়ণী বলে শুন আমার বচন।
আত্মহত্যা মহাপাপ নরকে গমন।।
যাও মা গৃহেতে ফিরি কর লক্ষ্মী ব্রত।
আবার আসিবে সুখ তব পূর্ব মত।।
গুরুবারে সন্ধ্যাকালে মিলি এয়োগণ।
করিবে লক্ষ্মীর ব্রত করি এক মন।।
কহি বাছা পূজা হেতু যাহা প্রয়োজন।
মন দিয়া শুনি লও আমার বচন।।
জলপূর্ণ ঘটে দিবে সিঁদুরের ফোঁটা।
আম্রের পল্লব দিবে তাহে এক গোটা।।
আসন সাজায়ে দিবে তাতে গুয়া-পান।
সিঁদুর গুলিয়া দিবে ব্রতের বিধান।।
ধূপ-দীপ জ্বালাইয়া রাখিবে ধারেতে।
শুনিবে পাঁচালী কথা দূর্বা লয়ে হাতে।।
একমনে ব্রত কথা করিবে শ্রবণ।
সতত লক্ষ্মীর মূর্তি করিবে চিন্তন।।
ব্রত শেষে হুলুধ্বনি দিয়ে প্রণাম করিবে।
এয়োগণে সবে মিলি সিঁদুর পরিবে।।
দৈবযোগে একদিন ব্রতের সময়।
দীন দুঃখী নারী একজন আসি উপনীত হয়।।
পতি তার চির রুগ্ন অক্ষম অর্জনে।
ভিক্ষা করি অতি কষ্টে খায় দুই জনে।।

অন্তরে দেবীরে বলে আমি অতি দীনা।
স্বামীরে কর মা সুস্থ আমি ভক্তি হীনা।।
লক্ষ্মীর প্রসাদে দুঃখ দূর হৈল তার।
নীরোগ হইল স্বামী ঐশ্বর্য অপার।।
কালক্রমে শুভক্ষণে জন্মিল তনয়।
হইল সংসার তার সুখের আলয়।।
এইরূপে লক্ষ্মীব্রত করি ঘরে ঘরে
ক্রমে প্রচারিত হল দেশ দেশান্তরে।।
এই ব্রত করিতে যেবা দেয় উপদেশ।
লক্ষ্মীদেবী তার প্রতি তুষ্ট সবিশেষ।।
এই ব্রত দেখি যে বা করে উপহাস।
লক্ষ্মীর কোপেতে তার হয় সর্বনাশ।।
পরিশেষে হল এক অপুর্ব ব্যাপার।
যে ভাবে ব্রতের হয় মাহাত্ম্য প্রচার।।
বিদর্ভ নগরে এক গৃহস্থ ভবনে।
নিয়োজিত বামাগণ ব্রতের সাধনে।।
ভিন দেশবাসী এক বণিক তনয়।
সি উপস্থিত হল ব্রতের সময়।।
বহুল সম্পত্তি তার ভাই পাঁচজন।
পরস্পর অনুগত ছিল সর্বক্ষণ।।
ব্রত দেখি হেলা করি সাধুর তনয়।
বলে এ কিসের ব্রত এতে কিবা ফলোদয়।।

বামাগণ বলে শুনি সাধুর বচন।
লক্ষ্মীব্রত করি সবে সৌভাগ্য কারণ।।
সদাগর শুনি ইহা বলে অহঙ্কারে।
অভাবে থাকিলে তবে পূজিব উহারে।।
ধনজন সুখভোগ যা কিছু সম্ভব।
সকল আমার আছে আর কিবা অভাব।।
কপালে না থাকে যদি লক্ষ্মী দিবে ধন।
হেন বাক্য কভু আমি না করি শ্রবণ।।
ধনমদে মত্ত হয়ে লক্ষ্মী করি হেলা।
নানা দ্রব্যে পূর্ণ তরি বানিজ্যেতে গেলা।।
গর্বিত জনেরে লক্ষ্মী সইতে না পারে।
সর্ব দুঃখে দুঃখী মাগো করেন তাহারে।।
বাড়ি গেল, ঘর গেল, ডুবিল পূর্ণ তরি,
চলে গেল ভ্রাতৃভাব হল যে ভিখারী।।
কি দোষ পাইয়া বিধি করিলে এমন।
অধম সন্তান আমি অতি অভাজন।।
সাধুর অবস্থা দেখি দয়াময়ী ভাবে।
বুঝাইব কেমনে ইহা মনে মনে ভাবে।।
নানা স্থানে নানা ছলে ঘুরাইয়া ঘানি।
অবশেষে লক্ষ্মীর ব্রতের স্থানে দিলেন আনি।।
মনেতে উদয় হল কেন সে ভিখারী।
অপরাধ ক্ষম মাগো কুপুত্র ভাবিয়া।।
অহঙ্কার দোষে দেবী শিক্ষা দিলা মোরে।
অপার করুণা তাই বুঝালে দীনেরে।।
বুঝালে যদি বা মাগো রাখগো চরণে।
ক্ষমা কর ক্ষমাময়ী আশ্রিত জনেরে।।

সত্যরূপিনী তুমি কমলা তুমি যে মা।
ক্ষমাময়ী নাম তব দীনে করি ক্ষমা।।
তুমি বিনা গতি নাই এ তিন ভুবনে।
স্বর্গেতে স্বর্গের লক্ষ্মী ত্রিবিধ মঙ্গলে।
তুমি মা মঙ্গলা দেবী সকল ঘরেতে।
বিরাজিছ মা তুমি লক্ষ্মী রূপে ভূতলে।।
দেব-নর সকলের সম্পদরূপিনী।
জগৎ সর্বস্ব তুমি ঐশ্বর্যদায়িনী।।
সর্বত্র পূজিতা তুমি ত্রিলোক পালিনী।
সাবিত্রী বিরিঞ্চিপুরে বেদের জননী।।
ক্ষমা কর এ দাসের অপরাধ যত।
তোমা পদে মতি যেন থাকে অবিরত।।
শ্রেষ্ঠ হতে শ্রেষ্ট তারা পরমা প্রকৃতি।
কোপাদি বর্জিতা তুমি মূর্তিমতি ধৃতি।
সতী সাধ্বী রমণীর তুমি মা উপমা।।
দেবগণ ভক্তি মনে পূজে সবে তোমা।।
রাস অধিষ্ঠাত্রী দেবী তুমি রাসেশ্বরী।
সকলেই তব অংশ যত আছে নারী।।
কৃষ্ণ প্রেমময়ী তুমি কৃষ্ণ প্রাণাধিকা।
তুমি যে ছিলে মাগো দ্বাপরে রাধিকা।।
প্রস্ফুটিত পদ্মবনে তুমি পদ্মাবতী।
মালতি কুসুমগুচ্ছে তুমি মা মালতি।।

বনের মাঝারে তুমি মাগো বনরাণী।
শত শৃঙ্গ শৈলোপরি শোভিত সুন্দরী।
রাজলক্ষ্মী তুমি মাগো নরপতি পুরে।
সকলের গৃহে লক্ষ্মী তুমি ঘরে ঘরে।
দয়াময়ী ক্ষেমঙ্করী অধমতারিণী।
অপরাধ ক্ষমা কর দারিদ্র্যবারিণী।।
পতিত উদ্ধার কর পতিতপাবনী।
অজ্ঞান সন্তানে কষ্ট না দিও জননী।।
অন্নদা বরদা মাতা বিপদনাশিনী।
দয়া কর এবে মোরে মাধব ঘরণী।।
এই রূপে স্তব করি ভক্তিপূর্ণ মনে।
একাগ্র মনেতে সাধু ব্রত কথা শোনে।।
ব্রতের শেষে নত শিরে করিয়া প্রণাম।
মনেতে বাসনা করি আসে নিজধাম।।
গৃহেতে আসিয়া বলে লক্ষ্মীব্রত সার।
সবে মিলি ব্রত কর প্রতি গুরুবারে।।
বধুরা অতি তুষ্ট সাধুর বাক্যেতে।
ব্রত আচরণ করে সভক্তি মনেতে।।
নাশিল সাধুর ছিল যত দুষ্ট সহচর।
দেবীর কৃপায় সম্পদ লভিল প্রচুর।।
আনন্দে পূর্ণিত দেখে সাধুর অন্তর।
পূর্ণতরী উঠে ভাসি জলের উপর।।
সাধুর সংসার হল শান্তি ভরপুর।
মিলিল সকলে পুনঃ ঐশ্বর্য প্রচুর।।
এভাবে নরলোকে হয় ব্রতের প্রচার।
মনে রেখ সংসারেতে লক্ষ্মীব্রত সার।।
এ ব্রত যে রমণী করে এক মনে।
দেবীর কৃপায় তার পূর্ণ ধনে জনে।।

অপুত্রার পুত্র হয় নির্ধনের ধন।
ইহলোকে সুখী অন্তে বৈকুন্ঠে গমন।।
লক্ষ্মীর ব্রতের কথা বড়ই মধুর।
অতি যতনেতে রাখ তাহা আসন উপর।
যে জন ব্রতের শেষে স্তব পাঠ করে।
অভাব ঘুচিয়া যায় লক্ষ্মীদেবীর বরে।।
লক্ষ্মীর পাঁচালী কথা হল সমাপন।
ভক্তি করি বর মাগো যার যাহা মন।।
সিঁথিতে সিঁদুর দাও সব এয়োমিলে।
হুলুধ্বনি কর সবে অতি কৌতুহলে।।
দুই হাত জোড় করি ভক্তিযুক্ত মনে।
নমস্কার করহ সবে দেবীর চরণে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *