হে কবিগুরু রবীন্দ্রনাথ –
তোমার কখনো মৃত্যু নেই,
অনন্তকাল থাকবে বেঁচে
বাঙালির মনের মাঝেই।
যুগে যুগে ধরা মাঝে তোমার সৃষ্টি
সৌরভের মাধুর্যে ভরেছে দিগ্বিদিক,
বিচিত্র লেখনীতে ভরা তব কাব্যডালি
গান, উপন্যাস, ছোটোগল্পে শিক্ষা প্রাসঙ্গিক।
রবিকর সম তুমি সাহিত্য আকাশে
উজ্জ্বল প্রভায় দীপ্ত পৃথ্বী ‘পরে,
জন্মেছিলে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে
জননী সারদাদেবীর কোল আলো করে।
সাহিত্যের স্বর্ণরথে করে বিশ্বভ্রমণ
ভারতের কৃষ্টি দর্শন করেছো বিকাশ,
গীতাঞ্জলি কাব্যে হ’লে নোবেল বিজয়ী
তোমার প্রতিভা রাজে জগৎ সকাশ।
সৃজনের ঝর্ণাধারে আজও সিক্ত সবে
তোমার সৃষ্টিতে ভাসে আপামর জন,
তুমি ছিলে আছো তুমি অমর অম্লান
বাঙালির হৃদাকাশে সূর্যের মতন।
