তুমি যখন যেখানেই যাও,
ভ্রমণকারিণী হয়ে তোমার সঙ্গে থাকি।
জানতেই পারোনা কখন কী ভাবে ছায়াসঙ্গী হয়ে তোমার পাশেই আছি।
সেই যে সঙ্গীতের লয়ে তালে,
চঞ্চলা ঝর্ণার নৃত্য দেখালে,
তুমি বহতা উস্রী নদী
আমি তখন নৃত্যশিল্পী উর্বশ্রী।
যখন জ্যোৎস্না রাতে হাঁটু গেড়ে,
তুমি বসলে নদীর পদ প্রান্তে।
অবাক মুগ্ধ বিষ্ময়ে চেয়ে দেখি,
আকাশ ও নদীর বক্ষে দুই চাঁদ!
তোমার কপালে নুইয়ে পড়া অলক চুর্ণ ফুঁ দিতেই,
চাঁদের উপচেপড়া বাঁধ ভাঙা হাসি দিগন্ত জুড়ে।
এইভাবেই ভাঙা গড়ার সাধের খেলায়
তোমার চোখ দিয়েই ভ্রমণ সাঙ্গ করি।
কমলা রঙের রোদ্দুর মেখে যখন তুমি ঢলে পড়ো পশ্চিম আকাশে,
আমি তখন ভ্রমণ পাখি, উড়ে গিয়ে তোমার খোলা জানালায় বসি।
আপন মনে বলতে থাকি, যখন কাছে থাকো মনে হয় তুমি বুঝি অনেক দূরে আছো।
তখন অনেক বেশি কাছে থাকো, যখন আমার থেকে থাকো বহু দূরে।
তুমি আমি পরিযায়ী নই, আমরা দুজন ভ্রমণ পাখি।।
