মন কূপ রোমে ত্রিতালে সেতার বাজে
তিন কালে গিয়ে এক কালে ঠেকছি না ,
বেমানান বর ফেরাও প্রকৃতি , পা যে
বেশরম প্রেমে বুকজলে , ডুবছি না !
কৈশোর কুহু ঘুণের ঘূর্ণি ঝড়ে
অক্ষত স্বরে বয়সী শিরায় ডাকে ,
কীভাবে প্রেমিকা এক থেকে বহু খড়ে
মৃন্ময়ী শ্বাসে একই প্রেমিকের শাঁখে !
ভীড়ে , ঘুর দ্বীপে , উদাসীন বন্দরে ,
খাঁ খাঁ বিষাদের পোড়া ঘাসে মিশে থাকি ,
আড়াল বাড়ালে আবডাল অন্দরে
পরোয়া বিহীন হাজিরায় প্রেম পাখি ।
মৃত্যুর মতো একা হতে চাই যদি
ছায়া ভেঙে ভেঙে প্রচ্ছায়া প্রেম আসে ,
সংগত স্রোতে নীল নিলাজের নদী
আমার বিকেলে ভোরের জোয়ারে ভাসে ।
