বহুবার দাঁড়ে শ্যাওলা জমেছে শোকে
আবারও জেগেছে সাতডিঙা মধুকর ,
মিছিলের আঠা ধুয়ে গেলে ঘোলাজলে
জুড়েছে শেকড় বীজেদের সুধাঘর ।
গেল গেল রব — শুষে হয়রান নদী
কেন যে বুঝি না বারুদের নয় , বাতাসের সভ্যতা !
আজও অরণ্য সালোকের সংশ্লেষে
সমীচীন শ্বাসে মানবের নাব্যতা ।
বিভেদের ভয়ে কেন বা ত্রস্ত হবো !
শত অপরাধ শেষে শেষ শিশুপাল ,
কতটা দীর্ঘ ধৈর্যের পরমায়ু
জেনে শুনে ঢালে কেন ছেড়ে দেবো হাল ?
পরাজিত মেঘ জমে জমে মধু শীষে
কবিতার জ্বরে ক্রৌঞ্চী কপালে- হাত ,
সময়ের শ্রমে জীবন আবহমান
পতনের মোড়ে শুরুর সুপ্রভাত ।
