স্বপ্নের কুঁড়ি খুঁজে পেয়েছিল রাঙা ভোরে আশিয়ানা,
দূর অম্বরে ঝিলিমিলি রাজে উদয়ের শামিয়ানা।
প্রেমের বাতাস বারতা জানায় বাজে বসন্ত বীণ,
পলাশ আগুন দিগন্ত জুড়ে লাল লালিমায় লীন।
কাকলির তান চারিভিতে ছায় মিষ্টি মধুর সুরে,
নীল নীলিমায় সোনার ঝলক উষার আলোক জুড়ে।
স্নিগ্ধ শ্যামল চরাচরে খেলে শিশির বিন্দু হেসে,
প্রজাপতি তায় পাখনা দুলায় হাওয়ায় ভেসে ভেসে।
স্বপ্নের কুঁড়ি খুশির আবেগে পাপড়ি সকল খুলে,
দুলে বায় সাথে মগ্ন আবেশে বিষণ্ণতাকে ভুলে।
অপরূপ রাঙা বিহানের বেলা মনের বাঁধন টুটে,
মুক্ত গগনে বলাকা পাখায় অজানায় যায় ছুটে।
প্রেম শিহরণ অন্তর মাঝে ঢেউ তুলে সদা রাজে,
বসন্ত সখা শুনি ডাকে সুরে সকাল দুপুর সাঁঝে।
ফাগুনের রেশ দিক দিগন্ত রঙের বিভাসে ছায়,
উদাস বাউল একতারা হাতে জীবনের গান গায়।
উদাসীন মন বিষাদ আবহে অতীতের স্মৃতি বাঁকে,
ঠিকানাবিহীন মনের বাসরে কল্পকাহিনী আঁকে।
ঝাপসা দুচোখ অশ্রুসজল খুঁজে ফেরে আলো রেখা,
সুখের পানসি স্বপ্নে সাজাই জানিনা ভাগ্য লেখা।
