তোমার জন্য বৃষ্টি নামুক ঝুম,
উড়ে যাক ছাতা ভুলে যাও সব দ্বিধা ।
ইচ্ছে করছে মিষ্টি একটা চুম
এঁকে দিই গালে চোখে চোখ রেখে সিধা।।
বাধা বাঁধনের আজকে বেবাক ছুটি
ভেজা কুন্তল আলগোছে দাও খুলে,
রেড রোড থেকে গঙ্গার পাড়ে দুটি
ভিজি আজ শুধু সকল বাঁধন ভুলে।
ভাবনারা নয় আসবে অন্য দিনে
আজ উড়ে যাক তারা সব দূর দেশে,
বৃষ্টির কাছে বাঁধা রইলাম ঋণে
কেটে যাক দিন আজ শুধূ ভালোবেসে ।
এমনি বরষা আসুক না বারবার
কালো করে মেঘ চারিদিক যাক ছেয়ে,
দিনটা এমনি সব কিছু হারাবার
বর্ষার গান দুজনেই যাই গেয়ে।।
