মন আজ করে রাজ প্রকৃতির সাথে,
ক্ষণে ক্ষণে আনমনে রূপ মোহে মাতে।
পথ পানে মন টানে ভাবি যাই চলে,
ওই দূরে আসি ঘুরে বনানীর তলে।
দিন রাত নিয়ে সাথ দুশ্চিন্তার বোঝা,
রিক্ত মনে ব্যস্ত সনে শান্তি সুখ খোঁজা।
সন্ধ্যা তরে কাক ঘরে দেখি ফিরে দলে ,
হাঁস যায় ধীর পায় কভু উড়ে পলে।
শন্ শন্ বাঁশ বন দোলে দীঘি পাশে,
ডাকাডাকি করে পাখি নীড়ে ফিরে আসে।
নিশি নামে কালো খামে অমা ঢাকে ধরা,
চন্দ্র আলো লাগে ভালো নভ দীপ্ত করা।
হলে ভোর খুলে দোর গৃহী করে কাজ,
হাসে কলি গায় অলি বাগে করে রাজ।
চাষি চলে দলবলে জমি চাষ তরে,
বক কত ইচ্ছে মত ঘুরে জমি ‘পরে।
ঘাটে তরী খুলে দড়ি মাঝি দাঁড় বেয়ে,
অনিবার পারাপার করে গান গেয়ে।
প্রকৃতির বিভূতির অপরূপ খেলা,
কী বিপুল নেই তুল দেখি সারা বেলা।
